সহিংসতার মধ্যে ইরাকের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরান
ইরানি নাগরিকদের ইরাকে ভ্রমণ এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা।
ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদরের রাজনীতি ছাড়ার ঘোষণায় রাজধানী বাগদাদে সহিংসতা ছড়িয়ে পড়ার পর দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করেছে ইরান। বন্ধ করা হয়েছে ফ্লাইটও।
ইরানি নাগরিকদের ইরাকে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
সোমবার আল-সদর রাজনীতি ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই তার অনুসারীরা সরকারি একটি প্রাসাদে হামলা চালায় এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২০ জন নিহতও হয়।
ইরাকের কারবালায় হজরত ইমাম হুসাইন আ. এর শাহাদাতের চেহলাম বা আরবাইন বার্ষিকী পালন করতে প্রতিবছর লাখো ইরানি সেখানে ভ্রমণে যায়। এবার এই বার্ষিকী অনুষ্ঠিত হবে ১৬-১৭ সেপ্টেম্বরে।
ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, “ইরাকের সঙ্গে সীমান্ত বন্ধ করা হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানিদের ইরাক ভ্রমণ না করা প্রয়োজন।”
রাষট্রীয় টিভির খবরে বলা হয়, “ইরাকে যাওয়ার সব ফ্লাইট ইরান বন্ধ করেছে। দেশটিতে চলমান অস্থিরতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে।”
বিমান চলাচল কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভি বলেছে, “আমরা ইরাক এবং বাগদাদের বিমানবন্দরে থাকা ইরানিদের ফিরিয়ে আনতে একটি জরুরি ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছি।”
ইরাকে সরকার গঠন নিয়ে দীর্ঘ সংকটের কেন্দ্রে থাকা শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদর সোমবার টুইটারে অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি তার সব দলীয় কার্যালয় এবং সংগঠন বন্ধ ঘোষণা করেন।
সদর জানান, একটি দুর্নীতিগ্রস্ত ও ক্ষয়িষ্ণু শাসন ব্যবহার সংস্কারে অন্যান্য শিয়া নেতা ও দলগুলোর ব্যর্থতার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সদরের এই ঘোষণা আসার পর কয়েক সপ্তাহ ধরে ইরাকের পার্লামেন্টের কাছে অবস্থান নিয়ে থাকা তার অনুগতরা গ্রিন জোনে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায়। এই প্রাসাদে তার সমর্থকদের সুইমিংপুলে সাঁতার কাটতে, আনন্দ উল্লাস করতে ও পতাকা দোলাতে দেখা যায়।
এ সময়ই সদরের অনুসারিদের সঙ্গে ইরানপন্থি মিলিশিয়াদের সংঘর্ষ শুরু হয়। গ্রিন জোনের ভেতরেই উভয়পক্ষ পরস্পরের দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করে, এরপর রাত নামলে শুরু হয় সশস্ত্র লড়াই।
পুলিশ ও চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, অন্তত ১৭ জন নিহত ও বহু আহত হয়েছে।ইরাকের সামরিক বাহিনী অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে বিক্ষোভকারীদের গ্রিন জোন ছেড়ে যেতে বলেছে।
