২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টাইমস স্কয়ারের বিলবোর্ডে হবে বঙ্গবন্ধুকে নিয়ে প্রদর্শনী

জাতীয় শোক দিবসে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের আইকনিক বলড্রপ বিলবোর্ডে থাকবে বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2021, 04:28 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

ফাহিম ফিরোজ নামে এক প্রবাসীর এই উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসের বীর মুক্তিযোদ্ধারা।

নিউ ইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন-এর সিইও ফাহিম ফিরোজ জানিয়েছেন, ১৫ অগাস্ট প্রথম প্রহর থেকে এই প্রদর্শনী শুরু হবে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ হয়েছে।

২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডজুড়ে এই প্রদর্শনী চলবে। সব মিলিয়ে ৭২০ বারে মোট তিন ঘণ্টা চলবে এই প্রদর্শনী।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই প্রদর্শনীতে থাকবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু মুহূর্ত।

এছাড়া জাতির পিতার আন্দোলন-সংগ্রামের নানা দিক নিয়ে ছবি আর ক্যাপশন থাকবে; তুলে ধরা হবে তার ত্যাগ আর বীরত্বগাঁথা।

বিশ্বজুড়ে পরিচিত এই আলো ঝলমলে টাইমস স্কয়ারের বিলবোর্ড থেকেই ইংরেজি বর্ষবরণের বলড্রপ দেখা যায় প্রতিবছর। বিভিন্ন দেশের লাখো মানুষ এই টাইমস স্কয়ারে জড়ো হয় প্রতিদিন। এবার ১৫ অগাস্টে বিলবোর্ডজুড়ে তারা দেখবেন স্বাধীন বাংলাদেশের স্থপতির কর্মময় জীবনের গল্প।

এছাড়া জাতির পিতার স্মরণে ওই দিন স্মরণসভার আয়োজন করেছেন নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ কর্মসূচির সমর্থনে শুক্রবার সন্ধ্যায় প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম।

সংগঠনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা খন্দকার মনসুর ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এক বিবৃতিতে প্রবাসীদেরকে টাইমস স্কয়ারের ওই স্মরণসভায় স্বাস্থ্যবিধি মেনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে আগের কয়েক বছরের মত এবারও দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ নামে একটি সংগঠন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!