বোমাবাজি-ককটেলবাজি করে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী
“আগামী দিনে এই অপশক্তিকে আমরা মোকাবেলা করবো রাজপথে।”
বোমাবাজি-ককটেলবাজির মাধ্যমে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদা খালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিরোধী দলের কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “গালিগালাজ এমনভাবে করে-এটা হলো বিরোধী দলের গণতন্ত্রের সৌন্দর্য। এটা যদি গণতন্ত্রের সৌন্দর্য হয়, এদেশের মানুষ তাদেরকে গ্রহণ করেনি, ভবিষ্যতেও তাদেরকে গ্রহণ করবে না। আর এদেরকে গণতন্ত্রের সৌন্দর্যও বলা যাবে না।
“এরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা নিজেরাই বলছে ১১ দলের দাবি না মানলে বোমাবাজি বন্ধ হবে না, ককটেলবাজি বন্ধ হবে না।”
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “যারা ৫ তারিখে পালিয়ে গেছে, তারা ওই পাড়ে বসে তাদের কাজ- তাদের গাড়িতে আগুন, তাদের নেতৃত্বে ককটেল মারা, তাদের নেতৃত্বে ঝটিকা মিছিল করা এসবের সঙ্গে বর্তমান বিরোধী দলের অপকর্ম, কথাবার্তা ও কর্মকাণ্ডের মিল খুঁজে পাওয়া যায়।”
দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে এ্যানি বলেন, “তাদেরকে স্মরণ করে দিচ্ছি, এটা জিয়ার দল, এটা খালেদা জিয়ার দল, আন্দোলন করতে করতে এখানে এসেছি, রাজপথ থেকে আমরা উঠে এসেছি, রাজপথে আমরা ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করেছি। আগামী দিনে এই অপশক্তিকে আমরা মোকাবেলা করবো রাজপথে।”
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি ও সদর (পূর্ব) উপজেলার বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ এ সময় উপস্থিত ছিলেন।
