২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে জুয়া খেলার সময় ১২ জনকে গ্রেপ্তার, টাকা জব্দ

এ নিয়ে চলতি মাসে রৌমারী থানা এলাকায় জুয়া খেলার সময় মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার রাসেল কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 12:30 PM

Updated : 25 Sep 2026, 12:30 PM

কুড়িগ্রামের রৌমারীতে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি, টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রৌমারী থানাধীন ঝগড়ারচর এলাকায় পুলিশের রাত্রিকালীন অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির।

আটকরা হলেন, হাসেম মিয়া (৫০), মহিউদ্দিন (৫০), বাবুল মিয়া (৪৫), মানিক মিয়া (৪৩), ফরহাদ হোসেন (৪০), পাঞ্জু মিয়া (৩৫), মজিয়ার আলী (৩৩), মঞ্জু মিয়া (৩২), ওহেদুজ্জামান ওরফে অমেল মিয়া (৩০), এরশাদুল (২৮), মানিক মিয়া ওরফে ফকির (২৮) ও আনিছুর রহমান (২৭)।

তাদের সবার বাড়ি রৌমারী থানার ঝগড়ারচর ও ঝগড়ারচর মাঝিপাড়া এলাকায়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১০ হাজার ৪০ টাকা।

সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। শুক্রবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়।

‘জুয়া একটি সামাজিক ব্যাধি’ উল্লেখ করে রাসেল কবির বলেন, দীর্ঘদিন ধরে রৌমারী থানা এলাকায় জুয়ার আসর পরিচালনার বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে।

এ নিয়ে চলতি মাসে জুয়া খেলার সময় মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক সপ্তাহ আগে জুয়ার আসর থেকে এক লাখ ৫৬ হাজার টাকাসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয় আর মাসের শুরুতে অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

জুয়ার বিরুদ্ধে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।