করোনাভাইরাস: ইতালিতে গৃহবন্দি প্রবাসীর ডায়েরি, পর্ব ৮
আমি ছাড়া আমার ভালো থাকাকে মহান আল্লাহ ব্যতীত অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ এর জন্য খুব স্ট্রং উইল পাওয়ার লাগে। কিন্তু এই অশান্ত অস্থির সময়ে আমি কি আসলেই ভালো আছি?
হয়তো একটা দিন খুব ফুরফুরে মেজাজে কাটছে, অন্যদিনটা কাটছে কী হবে সামনে, এই ভেবে। খুব দ্রুত মানসিক অবস্থার ফ্ল্যাকচুয়েশান লক্ষ্য করছি। এক নয় দুই নয় গুণে গুণে আজ ছাপ্পান্নটা দিন ঘরে বন্দি আছি, আরোও কতোদিন থাকতে হবে তাও জানি না।
তবে এই ছাপ্পান্ন দিনে আমি বেশ কিছু ফেইজ পার করেছি, এই যেমন প্রথম সাত দিনে করোনাভাইরাস নিয়ে উদ্বেগ, সামনের দিনগুলোতে কী হবে তা নিয়ে শঙ্কা ইত্যাদি। পরের সাতটা দিন গেলো বিভিন্ন তথ্যের রিলায়েবল সোর্স খুঁজে, অথেন্টিক আর্টিকেল পড়ে, নিজের জন্য নতুন রুটিন তৈরি করে। এভাবে মোটামুটি বিভিন্ন কাজের ট্রায়াল অ্যান্ড এরর এর মাধ্যেমে নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার চেষ্টা করছি।
প্রথমেই সোশাল মিডিয়ার কথা বলতে হয়। এই সোশাল মিডিয়ার কারণে করোনাভাইরাস সংক্রান্ত নানা ধরণের খবর শুনে বা দেখে চিন্তা বেড়ে যায় দ্বিগুণ থেকে তিনগুণ। এক্ষেত্রে অবশ্যই আমি অথেন্টিক তথ্যকেই গুরুত্ব দিচ্ছি। তবে একটু আধটু উদ্বিগ্ন হওয়াকে আমি পজিটিভলি দেখছি। কারণ যখন করোনাভাইরাস নিয়ে চিন্তা করছি তখন আমার মধ্যে কিছু পরিবর্তন আসছে। যেমন চেষ্টা করছি কীভাবে এর থেকে নিজেকে দূরে রাখতে পারবো বা সাবধানে থাকতে পারবো। এর ফলে আমরা বাসায় থাকার চেষ্টা করছি, সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি, নিজের পরিবারকে সাবধান করে দিচ্ছি, কি করণীয় সে ব্যাপারে তাদের জানাতে পারছি।
করোনাভাইরাস সম্পর্কে আমাদের ইনফরমড থাকা জরুরি, তবে প্রতি পাঁচ মিনিট পর পর মোবাইলে নিউজ দেখা মানসিকভাবে অসুস্থ করে দেয়। যদিও আমি প্রথমদিকে সারাক্ষণ নিউজের পিছনে পরে থাকতাম। একটা সময় দেখলাম, সারাদিন এই নিয়ে চিন্তা করতে করতে আমি স্বাভাবিক কাজকর্ম ঠিকভাবে করতে পারছি না। দিনের যতক্ষণ জেগে আছি, দেখা যায় রবির সাথে এ নিয়ে কথা বলছি, রাতে ভালোভাবে ঘুম হচ্ছে না।
তবে বেশ কয়েক সপ্তাহ হলো আমরা নিয়ম করে প্রতিদিন সন্ধ্যায় একবার পুরো পৃথিবীর খোঁজ নেই। এখানে প্রতিদিন সন্ধ্যা ৬টায় একটা প্রেস ব্রিফিং হয়, তারপরেই সব তথ্য ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইটে চলে যায়। আর দেশের নিউজও বাসায় ফোন করে জেনে নেই। রাতে ঘুমাতে যাবার অন্তত ৩০ মিনিট আগে সব প্রকার ইলেক্ট্রনিক গ্যেজেট সরিয়ে রাখার চেষ্টা করছি। এতে করে আমাদের মানসিক চাপ অনেকটা কমে গেছে, স্বাভাবিক কাজকর্মে মনোযোগ দিতে পারছি।
মানসিক সুস্থতার জন্য অন্যের সাথে কানেক্টেড থাকার দরকার আছে, কারণ আমরা সামাজিক জীব। অবশ্য এই ক্ষেত্রে একটা থিওরি আমি নিজের বেলায় খুব প্রয়োগ করি। তা হলো, নেগেটিভ চিন্তার মানুষের কাছ থেকে পারতপক্ষে দূরে থাকা। বর্তমান পরিস্থিতি নিয়ে অন্যের সাথে গল্প করতে গেলে অনুপ্রেরণার চাইতে হতাশাগ্রস্ত বাক্য বিনিময় বেশি হবার সম্ভাবনা থাকে।
তাছাড়া সিম্পেথেটিক আর এম্প্যাথেটিক হবার মধ্যে বেশ বড় একটা পার্থক্য আছে। আমরা খুব কম মানুষই আছি যারা এম্পেথেটিক। আর খুব কম মানুষই আছি যারা কন্সট্রাকটিভ সমালোচনা করতে পারি। তাই যাদের সাথে যোগাযোগে আমার মধ্যে একটা কম্ফোর্ট তৈরি হয়, যারা আমার জীবনের সত্যিকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাদের সাথে গল্প করে মানসিক শান্তি পাওয়া যায়, যোগাযোগের ক্ষেত্রে আমি তাদেরকে প্রাধান্য বেশি দেই।
এই যে, কিছুদিন আগে অনলাইনে আমাদের এক পরিচিত ছোট বোনের সাধ করেছি। সবাই টুকটাক রান্না করে তাকে কল দিয়েছিলাম। বৈশাখও পালন করেছি অনলাইনে। ফোন করে কথা বললে, ভিডিও কলে একসাথে গল্প করলে, প্রত্যেকের জীবনের ইতিবাচক দিকগুলো নিয়ে কথা বললে মানসিক যন্ত্রণা কিছুটা হলেও লাঘব হয়।
আব্বুর যখন বাইপাস সার্জারি হয় তখন আমি যুক্তরাষ্ট্রে থাকি। আব্বুর হার্ট অ্যাটাক, বাইপাস সার্জারি সবকিছু এতো দ্রুত হবার কারণে সেই মুহূর্তে ফিজিক্যালি আমার পরিবারের পাশে থাকতে পারিনি। সেই সময়গুলোতে মনে হতো এই দুঃসহ সময়ে না পারছি আমার আম্মুর পাশে থাকতে, না পারছি আমার ভাই বোন এর পাশে থাকতে! তবে দিনরাত শুধু দোয়া করেছি, আল্লাহর কাছে মন থেকে চেয়েছি সবকিছু যেন স্বাভাবিক করে দেন। আলহামদুলিল্লাহ আমার মনের দৃঢ় বিশ্বাস, আমার দোয়া আল্লাহ কবুল করেছিলেন বলে আব্বু এতো দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।
আজ এই বৈশ্বিক মহামারির সময়ে আমরা অনেকেই আমাদের নিজের পরিবার থেকে দূরে আছি। কিংবা অনেকের আত্মীয়স্বজন বা পরিচিত অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরাসরিভাবে তাদের কোনো কাজে আসতে পারছেন না বলে অপরাধবোধ কাজ করছে। তাদের জন্য বলছি, মহান সৃষ্টিকর্তার কাছে মন থেকে তাদের জন্য দোয়া চাওয়াটাও কোনো অংশে কম নয় বলে আমি মনে করি। তাছাড়া, অন্য অনেকভাবেই সাহায্য করার পথ আছে, আমরা চাইলেই আমাদের সাধ্যমতো তা করতে পারি। এর মাঝেও কিন্তু মানসিক শান্তি পাওয়া যায়।
সারাদিনে কোন কোন কাজগুলো ভালো করেছি, কিসের জন্য আমি কৃতজ্ঞ, আর কীভাবে নিজেকে আরো উন্নত করা যায় এই সেলফ রিফ্লেকশান স্কিল নিজের চরিত্র ও বুদ্ধিমত্তাকে উন্নত করতে বেশ সাহায্য করে। গল্পটা বলি তাহলে, আমার আন্ডার গ্রেডের সেকেন্ড ইয়ারের সময়কার কথা। প্রতিটা অবজারভেশনাল প্লেইসমেন্ট এর দিন শেষে সেলফ রিফ্লেকশান এর একটা ফরম পূরণ করে আমার অস্ট্রেলিয়ান শিক্ষিকাকে জমা দিতে হতো।
খুব বেশি কিছু না, যেমন অবজারভেশান এর সময় আমার কোন বিষয়গুলো পজিটিভ ছিলো, কোন বিষয়গুলো নেগেটিভ ছিলো আর পরবর্তী সেশানের জন্য আমি নিজেকে কীভাবে প্রস্তুত করবো ইত্যাদি। প্রথমদিকে নিজেকে নিয়ে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে খুব কষ্ট হতো, আর মনে মনে সেই শিক্ষিকার উপর রাগ ঝারতাম। এই সেলফ রিফ্লেকশান আমাকে ফোর্থ ইয়ার অব্ধি বাধ্যতামূলকভাবে লিখতে হয়েছে আর পরবর্তি সময়ে এক বছরের ইন্টার্ন পিরিয়ডে প্রতিদিন না লিখলেও কাজে লাগিয়েছি।
প্রথমদিকে খারাপ লাগলেও পরে এর উপকারিতা আমি পেয়েছি। ছাত্রজীবন থেকে ইনহেরিট করা এই স্কিলটা প্রোফেশনাল জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও কাজে লাগিয়েছি। চেষ্টা করে দেখতে পারেন, মন খুব ফুরফুরে থাকে।
দুশিন্তা, ভয়, হতাশা থেকে দূরে থাকতে চাইলে নিজেকে ডিস্ট্রাক্ট করা খুব কঠিন কিছু না। এই যে আমি নিজেকে অন্যদিকে ডাইভার্ট করতে লেখালেখি শুরু করেছি প্রথম থেকেই। নতুন নতুন প্রজেক্ট এর লিস্ট তৈরি করে রেখেছি। এতো লম্বা লিস্ট যে প্যান্ডেমিক সিজন চলে গেলেও প্রজেক্ট শেষ হবে না।
অনেক কিছু করার আছে আসলে। আমি এমন একটা প্রফেশানে আছি যেখানে নিয়মিত আমাকে আপডেটেট থাকতে হয়, নতুন কি চিকিৎসা পদ্ধতি বের হয়েছে, কী গবেষণা চলছে এসবের খোঁজ রাখতে হয়। আর্টিকেল পড়তে শুরু করলে হাজার হাজার আর্টিকেল পড়ে শেষ করা যাবে না। লিখতে শুরু করলে শত শত বিষয় নিয়ে লিখে শেষ করতে পারবো না। আর নেটফ্লিক্সতো আছেই; ডকুমেন্টারি থেকে অ্যানিমেশান, অ্যাকশান থেকে সাইফাই কিছুই বাদ নেই।
রবি যেহেতু মিউজিক কম্পোজ করে, মাঝে মধ্যে তাকেও টুকটাক সময় দেই। গল্পের বই পড়া, দুজন মিলে নতুন নতুন রেসিপি ট্রাই করার মতো অনেক কিছুই আছে যার মাধ্যমে নিজেকে করোনার দুঃশ্চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আর আজকাল এতো এতো অনলাইন কোর্স আছে চাইলেই নিজেকে ব্যস্ত রাখা কোনো ব্যাপার না। এতো কিছুর পরও যদি কারো মনে হয় সময়টা অহেতুক কিছু না করে কাটছে, তাদের জন্য একটাই অনুরোধ, কী করতে ভালো লাগে বা কোন কাজ আপনাকে আনন্দ দেয় সেগুলো করতে থাকুন, বিষণ্ণতা, হতাশা আপনার কাছে ধারেও আসতে পারবে না।
অবশ্য সবকিছু একসাথে না করে একটা একটা করে ট্রাই করতে পারেন। যখন বোর হয়ে যাবেন তখন আরেকটা কাজে হাত দিতে পারেন, কারণ একই সাথে অনেক কিছু করতে গেলে কোনটাই ভালোভাবে করা হয় না। নিজেকে পছন্দের কাজে ব্যস্ত রাখাটাই এই মুহূর্তে ভালো থাকার হাতিয়ার।
আমি আগের পর্বে লিখেছিলাম করোনাভাইরাস পরিস্থিতিতে কীভাবে শারীরিকভাবে সুস্থ আছি, আর আজকের পর্বে লিখেছি মানসিক স্বাস্থ্য নিয়ে। সবসময় রোবটের মতো নিজেকে পরিচালনা করা সম্ভব হয় না। নিজেকে ভালো রাখার জন্য সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাওয়া সত্ত্বেও মাঝেমাঝে অসহায়, হতাশ বা উদ্বিগ্ন মনে হতে পারে। তারপরও অপেক্ষায় আছি নতুন দিনের, যেদিন হয়তো খুব সকালে ঘুম থেকে উঠে শুনবো পৃথিবী আজ থেকে করোনাভাইরাসমুক্ত।
লেখক: পেশায় একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। তিনি যুক্তরাষ্ট্রের বাফেলো ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। বসবাস করেন ইতালির পাভিয়া প্রদেশের ভিয়া জিওভান্নি তাভাজ্জানি এলাকায়
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
আগের পর্ব
চলবে…
