‘বাংলাদেশ’ স্লোগানে মুখরিত কুয়ালালামপুরের মাঠ
আমরা কয়েকশ’ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমী কুয়ালালামপুরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছিলাম সেদিন। কুয়ালালামপুরের ‘কিনারারা ওভাল গ্রাউন্ড’।
গত শনিবার সকাল থেকে ক্রিকেট মাঠে লাল-সবুজের পোশাকে যুব টাইগারদের (অনূর্ধ্ব-১৯) চার-ছক্কার খেলা উপভোগ করব বলে এতো আয়োজন। সেই সাথে প্রতিপক্ষ নেপালের বিরুদ্ধে সাইফ-আফিফদের জয় দেখব মাঠে বসে- এই আশা।
আমরা যারা মাঠে গিয়েছি, সবারই ধারণা বাংলাদেশ-ই জিতবে। ক্রিকেট বিশ্বে গত কয়েক বছর চমক দেখানো সাকিব-তামিম-মুসফিকদের খেলায় চার-ছক্কার মারে এতদিন কেবল টিভির সামনে বসে হাততালি দিয়ে এসেছি। এবার সরাসরি মাঠে বসেই সাইফ-আফিফদের খেলায় হাততালি, হৈচৈ করব।
ম্যাচের শেষ ওভারে জয়ের নৌকা কোন বন্দরে গিয়ে ভিড়বে, সেই চিন্তা করতে করতে অবশেষে যুব টাইগারদের দুই উইকেটে জয় হলো। তা দেখে সে কি উল্লাস প্রবাসী দর্শকদের! বাংলাদেশ দলের ক্রিকেটাররাও মাঠ থেকে সবাই দল বেঁধে ছুটে এলো প্রবাসী দর্শক ভাইদের কাছে। অচেনা-অজানা মানুষগুলোকে তখন খুবই আপন মনে হচ্ছিলো। যেন অনেকদিন পর আপন মানুষের সাথে দেখা!
মাঠে এসে উৎসাহিত করার জন্য অধিনায়ক সাইফ প্রবাসীদের ধন্যবাদ জানাতে ভুলেননি। সাইফ আমাদের মাধ্যমে মালয়েশিয়া প্রবাসীদের সামনের ম্যাচগুলো দেখার ও তাদের উৎসাহিত করার আহ্বান জানান। বাংলাদেশের জয় আর সাইফের কথায় খুশি হয়ে গ্রুপ পর্বের আগামী দুই ম্যাচেও বাংলাদেশের জয় কামনা করতে করতে খুশি মনে ফিরে এলাম আমরা।
লেখক: প্রবাসী বাংলাদেশি
ইমেইল: rafiq.akhan80@gmail.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
