২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীর কোরবানি: গরু-বিক্রেতা কেঁদেছিল খুব

গত বুধবার পশ্চিম আকাশে জিলকদ মাসের শেষ সূর্য ডুবে সন্ধ্যা নামার সাথে সাথেই দেশের পত্রিকাগুলোর শিরোনাম, ‘চাঁদ দেখা গেছে, ২ জুলাই ঈদুল আজহা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 03:43 PM

Updated : 19 Aug 2022, 05:24 PM

ফেইসবুকের নিউজ ফিডে একের পর এক প্রিন্ট ও অনলাইন সব পত্রিকায় সেই চিরচেনা নতুন উঠা চাঁদের ছবিসহ ‘চাঁদ ও ঈদ’ নিয়ে নিউজের শিরোনাম বারবার দেখতে পাচ্ছি। চাঁদ দেখা যাওয়ার খবর, ঈদের খবর ও নতুন উঠা চাঁদের ছবি দেখে বারবার শিহরিত হচ্ছি, আন্দোলিত হচ্ছি!

মনের ভেতর আনন্দের চেয়ে কষ্ট অনুভূত হচ্ছে বেশি। দেশের ঈদুল আজহার স্মৃতি মনের অজান্তে হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছে বারবার। সেই সাথে আরো একটি ঈদুল আজহা দেশে করতে না পারার কষ্ট ছুঁয়ে যাচ্ছে অনুভূতিজুড়ে।

মনে পড়ে ঈদুল আজহায় গরুর বাজারের কথা। এই প্রবাসে খুব মিস করি কোরবানি ঈদের গরু কেনার আনন্দ, মিস করি গরুর হাট দেখার আনন্দ। গত পনের বছরের প্রবাস জীবনে দেশে সর্বশেষ গরুর হাট দেখেছি ২০০৮ সালে। এরপর আর ঈদুল আজহায় দেশে যাওয়া হয়নি, গরুর হাটও দেখা হয়নি।

এই মালয়েশিয়া মুসলিম দেশ হলেও এখানে সারাবছর কোথাও কোন গরুর হাট নেই, কোরবানির গরুর হাটও নেই! হ্যাঁ, মালয়েশিয়ায় যারা কোরবানি দেন তারা শহরের বাইরের গরুর ফার্ম থেকেই গরু কিনে আনেন। এই দেশেও ঈদুল আজহায় ছুটি কাটানো, শেকড়ের টানে গ্রামে ফেরা, আনন্দ করা সব আছে। নেই শুধু গরুর হাট।

এখানে দেখা হয় না বছর ধরে গৃহস্থের আদর যত্নে মায়ায় লালন-পালন করা লাল-কালো-শাদা ছোট বড় মাঝারি আকারের গরুতে পরিপূর্ণ বিশাল গরুর হাট। বড়দের সঙ্গে উৎসাহ উদ্দীপনা নিয়ে ছোটদের গরুর হাটে আনন্দে ঘোরাফেরা দেখা হয় না।

শৈশব-কৈশোরে দেখা ক্রেতা-বিক্রেতায় পরিপূর্ণ সরগরম গরুর হাটের মানুষের আওয়াজ যেনো এই লেখা লেখার সময়ও আমার কানে ধ্বনিত হচ্ছে। চোখের সামনে ভাসছে ছোটবেলায় দাদা ও সেজো চাচার সঙ্গে কোরবানির গরু কিনতে হাটে যাওয়ার কথা। জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত গরু বেচাকেনা দেখে খুব আনন্দ উপভোগ করতাম।

ঘরে আদর যত্নে সারা বছর লালন-পালন করা গরু ক্রেতার সঙ্গে দরদাম ঠিক হয়ে যাওয়ার পর গরুর মালিকের চোখেমুখে সেই এক করুণ ভাব চলে আসতো, প্রিয় গরুটিকে বিদায় দিতে হবে বলে। বিদায়বেলায় কত আদরে গরুর পিঠে হাত বুলিয়ে দিতো! কেউ কেউ মুখটা একটু আড়াল করে, কেউ নাকে-মুখে গামছা চেপে কান্না করতো। এতো বছরের আদরের গরুটাকে বিদায় দিতে কার না কষ্ট লাগে! এ কান্না একসঙ্গে বিদায় ও ঈদের আনন্দেরও।

গরু বেচার টাকায় বিক্রেতার মনে আনন্দ আনে আর গরুকে বিদায় দিয়ে মনে কিছুটা বিষণ্ণতা ছুঁয়ে যায়। আনন্দ আর বিষণ্ণতায় মিশ্র অনুভূতি নিয়ে থাকতো পুরো গৃহস্থ সদস্যরা। আর হাট থেকে দেখেশুনে মনের মতো গরু কিনে ঘরে ফিরে কোরবানি দাতারা।

প্রবাসজীবনে এ সবকিছুই দেখা হয় না। খুব মিস করছি কোরবানির গরুর হাটের সেই সব দৃশ্য।

জিলহজ মাসের প্রথম তারিখ থেকে দেশের সব জায়গায় গরুর হাট বসে। দেশের মানুষ শুরু করে গরু-ছাগল বেচাকেনা, সেই আগের মতোই।

প্রবাসীরা গরুর হাট দেখার সুযোগ না পেলেও তারা তো আর বসে থাকেন না! তারা শুরু করেন কোরবানির গরু কেনার জন্য দেশে টাকা পাঠানোর হিসেব-নিকেশ। যত তাড়াতাড়ি সম্ভব দেশে পরিবারের কাছে গরু কেনার টাকা পাঠাতে চান প্রবাসীরা। আর অন্তরে লুকিয়ে থাকে কোরবানির গরুর হাটের স্মৃতি।

লেখক: প্রবাসী বাংলাদেশি

ই-মেইল: rafiq.akhan80@gmail.com

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।