২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে ভেসে আসে, ঈদ আনন্দ হাওয়া দূর প্রবাসে

মালয়েশিয়ায় ঈদের পরদিন বাংলাদেশের ঈদ হয়। দেশে কোরবানি ঈদের দিন স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল দশটা) কাজের ফাঁকে পাশেই বাংলাদেশি রেস্টুরেন্টে চা খেতে গিয়ে বাংলাদেশের টিভিতে খবর দেখছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2017, 07:21 PM

Updated : 11 Oct 2022, 02:29 PM

একের পর এক ঈদ জামাতের খবর দেখাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম,  সিলেট, রাজশাহী,  খুলনা, বরিশালসহ সব বড় বড় শহরের বিশাল বিশাল ঈদ জামাত দেখাচ্ছে।

কান্না মুখে সৃষ্টিকর্তার দরবারে মোনাজাত, হাসিমুখে কোলাকুলির দৃশ্যে দেখা মানুষগুলোকে খুব চেনা চেনা লাগছে। চিরচেনা ঈদের দৃশ্যগুলো দেখে খুব ভাল লাগলো,  অন্য রকম অনুভূতি। মনে হচ্ছে সত্যিই তো ঈদ হচ্ছে দেখি।

যা গতকাল প্রবাসে আমরা উদযাপন করলেও ঠিক বোঝতে পারিনি, অনুভব করতে পারিনি। টিভিতে দেখেই বুঝতে পারছি বাংলাদেশে তুমুল ঈদ আনন্দ চলছে। যা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা জানা নেই। এতো বড়ো বড়ো ঈদ জামাত মালয়েশিয়ায় তো কল্পনাও করা যায় না। মালয়েশিয়ায় ঈদের নামাযের জন্য আলাদা ঈদগাহও নেই। এখানে মসজিদেই ঈদের জামাত হয়।

বাংলাদেশের মত এতো গরু কোরবানিও এই দেশে নেই। পুরো মালয়েশিয়া জুড়ে যতো গরু কোরবানি হয় তা সংখ্যায় আমাদের দেশের বড় একটি জেলায় যত গরু কোরবানি দেওয়া হয় তার সমান হবে কিনা সন্দেহ!

আমাদের বাসার পাশের অ্যাপার্টমেন্টগুলোতে প্রায় দেড় দুই'শ মালায় (মালয়েশিয়ান মুসলিম) পরিবার আছে। এর অধিকাংশই আবার পুলিশ। তো ঈদের দিন (শুক্রবার) এখানে যে কয়টা গরু কোরবানি ও আকিকা দেওয়া হবে সেগুলো মসজিদের মাঠে সকাল থেকে দেখলাম।

সবগুলো গুনে দেখলাম,  কোরবান ও আকিকা মিলে মোট পাঁচটা গরু! মালয়েশিয়ায় কোরবানির পনের-বিশ দিন আগে থেকে মসজিদের বাইরে ব্যানার টাঙিয়ে দেয়, কোরবানি ও আকিকা প্রতি ভাগ কতো রিঙ্গিত, আগ্রহীরা যোগাযোগ করেন মসজিদ কমিটির সাথে।

ব্যক্তিগতভাবে একা গরু কিনতে দেখিনি মালয়েশিয়ায়  মুসলিমদের। তবে এখানেও ভাগে গরু কেনার পাশাপাশি, একা গরু কেনেন আর্থিকভাবে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশিরা।

এই যেমন বাংলাদেশি ব্যবসায়ী অহীদ ভাই (অহীদুর রহমান অহীদ) কুয়ালালামপুরে যে গরুটি কোরবানি দিয়ে ওনার প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী ও বন্ধু-বান্ধবদের খাইয়েছেন,  সেটি আকারে মালায়দের কেনা গরুর তিনটার সমান হবে।

যাক, আসল কথায় আসি। শুধু টিভির খবরে নয়,  সকাল থেকে ফেসবুক ওয়ালও দখল করে আছে ঈদ। চারিদিকে ঈদের খবর, ঈদ আনন্দের খবর।

মেসেঞ্জারে, হোয়াটসআপেও ঈদ আনন্দ ভেসে বেড়াচ্ছে। অনলাইনে পত্রিকায়ও ঈদ আর ঈদ। পত্রিকা ও টিভি'র খবর এবং সোশাল মিডিয়ার বদৌলতে দেশের ঈদ আনন্দের ছোঁয়া এই দূর দেশে এসেও হৃদয়ে অনুভূত হচ্ছে। যদিও প্রচণ্ড মিস করছি দেশে ঈদ করার আনন্দ। সবাইকে ঈদের শুভেচ্ছা-ঈদ মোবারক।

লেখকের ইমেইল: rafiq.akhan80@gmail.com

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!