রক্তাক্ত হিরোশিমায় একদিন
সকালে বাস এসে হিরোশিমা রেল স্টেশনের সামনে থামলো। আমরা সব যাত্রী বাস থেকে নামলাম। আমার সাথে ছিলেন জাপানিজ বন্ধু উয়েদা কউজি।
গত জুলাই মাসের ১২ তারিখের কথা। উয়েদা কউজি হিরোশিমারই বাসিন্দা, এখন থাকেন টোকিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে যারা এখনও বেঁচে থেকে সেই স্মৃতি বহন করে বেড়াচ্ছেন, তাদের টোকিও কেন্দ্রিক একটি সংগঠনের তিনি একজন নেতা।
কউজির সাথে তখনকার ভুক্তভোগী ১৭ জনের অভিজ্ঞতা নিয়ে ‘হিরোশিমা কথা বলে’ নামে একটি বই সম্পাদনা করেছিলাম।
সকালে আমাদের হাতে যথেষ্ট সময় আছে। উয়েদা বললেন, কোথাও গোসল করার সুযোগ থাকলে গোসল করে নেওয়া যেতে পারে। আর আমি বললাম, কোথাও বসে নাস্তা করে নেওয়া দরকার।
সামনেই ট্রাম লাইনের শেষ স্টপেজ। চড়ে বসলাম ট্রামে। ট্রামে যাত্রী কম। সিট খালি থাকা সত্ত্বেও কেউ কেউ দাঁড়িয়ে আছেন। আমরা সুযোগ বুঝে পাশাপাশি সিটে বসলাম।
ছোটবেলায় স্কুলের পাঠ্য বইয়ে হিরোশিমা শহরে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা ফেলার কথা পড়েছি। এতবড় মর্মান্তিক ঘটনা যে শহরে ঘটেছিলো, সেই শহর দেখার আগ্রহ আমার প্রবল।
বিভিন্ন কারণে আমার জাপান আসার পর হিরোশিমা যাওয়া না হলেও ১৯৯৪ সালে প্রথম এসেছিলাম হিরোশিমা শহরে। তখন আমাকে সঙ্গ দিয়েছিলেন জাপানিজ শিক্ষিকা মিস সুজুকি। সাথে ছিলো দক্ষিণ কোরিয়ার একজন ছাত্র। পরবর্তীতে আবার আসা হয়েছিল ২০০৫ সালে। এরপর আরও কয়েকবার এসেছি বিভিন্ন কাজে।
১৯৭৬ সালে হিরোশিমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাতিসংঘে এখানে ক্ষয়ক্ষতিজনিত এক নথি জমা দেয়। সেখানে উল্লেখ করা হয়, হিরোশিমায় এই পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা ও প্রতিক্রিয়ায় ১৯৪৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৪০ হাজার লোক মারা যায়। এটা জানার পর আমি প্রথমবার যখন হিরোশিমা গিয়েছি, তখন এই শহর দেখার পর অনেকটা অবাকই হলাম। আমার ধারণা ছিল, এই শহর এখনও বোধহয় সেই অবস্থায়ই রয়েছে। কিন্তু না, হিরোশিমা শহর দেখে বোঝার কোনো উপায় নেই, এই শহরে কখনো এত বড় দুর্ঘটনা ঘটেছে!
এক ঘণ্টার মধ্যে আলোচনা শেষ হলে আমরা চলে এলাম পাশের বিল্ডিংয়ে। সেখানে এক অফিসার উয়েদার হাতে আওগিরি গাছের দু’টি চারা দিলেন। তখনো আওগিরি গাছ সম্পর্কে আমার ভালো ধারণা নেই। ২০১৩ সালে আমার এক বন্ধু, মিস নাকামুরা ছাতমি ‘আওগিরি তাকুশতে’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। সিনেমার শুরুতেই আওগিরি গাছ লাগানোর দৃশ্যে দেখানো হয়েছে আমাকে।
উয়েদা এই আওগিরি গাছ সম্পর্কে ব্যাখ্যা করলেন। হিরোশিমা শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণের তেজস্ক্রিয়তার ফলে অন্য সবকিছুর সাথে গাছপালা পুড়ে ছাই হয়ে গেলেও ১৭০টি গাছের প্রাণ ছিল। তার মধ্যে এই আওগিরি গাছ একটি। সেই আওগিরি গাছটি অন্য জায়গা থেকে তুলে এনে ত্রিশ বছর আগে পিস পার্কের লাগানো হয়।
মিউজিয়ামের সামনেই দাঁড়িয়ে আছে আওগিরি গাছটি। সেই গাছের নিচে ছাত্র-ছাত্রীদের ভিড় দেখে উয়েদার কাছে জানতে চাইলাম, এখানে ভিড় কেন? উনি বললেন, এটাই হচ্ছে সেই আওগিরি গাছ।
সেখান থেকে চলে গেলাম লাইব্রেবিতে। কারণ, আমরা দু’জন পারমাণবিক বোমায় আঘাতপ্রাপ্ত ও প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতার কথা নিয়ে বাংলা-জাপানিজ ভাষায় একটি বই প্রকাশ করেছি, নাম ‘হিরোশিমা কথা বলে’। দু’জনের সম্পাদিত সেই বইটি লাইব্রেরিতে রাখা আছে শুনেছি। সত্যিই সেখানে বইটি দেখে ভালো লাগলো। আমাদের সেই বই সম্প্রতি চাইনিজ ভাষায়ও প্রকাশ করা হয়েছে। এমনকি বইটি এখন আরও কয়েকটি দেশের ভাষায় প্রকাশের পরিকল্পনা করা হয়েছে।
উয়েদা কউজি আমাকে বোমা বিস্ফোরণের পরের মুহূর্তে এই নদীর বর্ণনা দিতে শুরু করলেন। বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেললেন। বললেন, এই নদীর কথা মনে করলে এখনও মুখ দিয়ে খাবার যায় না।
জানতে পারলাম, এটা সেই নদী, যেখানে সেদিন পানি পানি বলে চিৎকার করতে করতে শহরবাসী এসে ঝাঁপিয়ে পড়ে। আসার সময়েই বোমার তেজস্ক্রিয়তার তীব্র তাপে একেকজনের শরীর থেকে মাংস খসে পড়ে জীবন্ত কঙ্কাল হয়ে যায়। আর নদীর পানি হয়ে যায় লাল রক্তে রঙিন।
পরবর্তী কর্মসূচী ছিল সেখানকার উকিলদের সেমিনারে যোগদান করা। সেদিন নিউক্লিয়ারের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার কথা। সেখানে গিয়ে দেখি গোটা বিশজন উকিল জড়ো হয়ে প্রশ্নোত্তর পর্ব চলছিল নিজেদের মধ্যে। উয়েদা সেখানে বক্তব্য রাখলেন, আমি শুনলাম।
সেখান থেকে যেতে হলো কোর্ট বিল্ডিংয়ের সামনে। সেখানে হিরোশিমা মিডিয়াগুলো ক্যামেরা নিয়ে দাঁড়ানো। উকিলদের গ্রুপ তাদের থেকে দূরে ব্যানার হাতে কোর্ট গেইট পর্যন্ত যাবার জন্য প্রস্তুত হলেন। ব্যানারগুলো পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করে লেখা।
আবার হাঁটছিলাম পিস পার্কের ভেতর দিয়ে। তখন কানে বাজলো ঝিঁ ঝিঁ পোকার ডাক। মনে পড়লো দেশে আম-কাঁঠাল পাকার সময় আমাদের সব গাছে এ পোকার ডাকের কথা। কিছু সময়ের জন্য আমি তখন মনে মনে চলে গিয়েছিলাম দেশে।
কথা শেষে বাস ছাড়ার সময় ঘনিয়ে এলে বিদায় নিলাম শরৎ চৌধুরীর কাছ থেকে। বাস চলে এলো। সকালের সেই একই বাস। চালকও সেই আগের দু’জন। একজন মহিলা, আরেকজন পুরুষ। বাসে বসে ভ্রমণ-কাহিনী লেখার জন্য পুরো দিনের বিষয়গুলো মনে মনে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম।
পি.আর. প্ল্যাসিড: জাপান প্রবাসী লেখক
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
