২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের ফুজি রক ফেস্টিভ্যালে

জাপানের সবচেয়ে বড় মিউজিক্যাল কনসার্ট ‘ফুজি রক ফেস্টিভ্যাল’। এ আয়োজনের কথা আমি কয়েক বছর ধরেই শুনে আসছিলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পি.আর. প্ল্যাসিড, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 11:56 AM

Updated : 11 Oct 2022, 02:35 PM

এ কনসার্টের যাত্রা শুরু ১৯৯৭ সালে। প্রথমবার হয়েছিলো ইয়ামানাসি কেন (প্রিফেকচার)-এর ফুজি পাহাড়ের কাছাকাছি স্কি জো’তে। এজন্যই ফুজি পাহাড়ের নামানুসারে এর নামকরণ করা হয় ‘ফুজি রক ফেস্টিভ্যাল’।

প্রথম বছর এই ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল ত্রিশ হাজার সঙ্গীতপ্রেমী। প্রতিবছরই এর জনপ্রিয়তা বাড়ছে। ক্রমেই বাড়তে থাকলে আয়োজকদের ব্যবসায়িক সফলতাও।

জানা যায়, প্রথম আয়োজনের সময় সেখানে বেশ ঝড়-তুফান হয়েছিলো। সেটাকে সামাল দেওয়ার মতো কোনো ব্যবস্থা আয়োজকরা করেনি। ফলে বেশ ক্ষতি হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের ফলে আয়োজকদের যেমন ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল অংশগ্রহণকারীরা।ছিলো না যাতায়াত ও সেনিটারির সুব্যবস্থা।

এসব চিন্তা করে পরবর্তীতে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আয়োজক প্রতিষ্ঠান ‘স্ম্যাশ জাপান। ফলে স্থান পরিবর্তন করে নিয়ে আসা হয় টোকিও থেকে দুইশ’ কিলোমিটার দূরে নিগাতা কেন (প্রিফ্যাকচার)-এর নায়েবা শহরে। টোকিও থেকে শিনকান সেন (বুলেট ট্রেন)-এ এখানে আসতে সময় লাগে দেড় ঘণ্টা। ভাড়া ৬ হাজার ৪৯০ ইয়েন।

ফটোগ্রাফার সহিদুল হকের সাথে আগেই পরিকল্পনা করেছিলাম, যেকোনোভাবেই আমরা এ বছর এই ফেস্টিভ্যালে অংশ নেব। শুরু থেকে সহিদুল প্রতিবছরই এই ফেস্টিভ্যালে অংশ নেন। সহিদুলকে বললাম, এ বছর তিনদিনের জন্য যেতে না পারলেও দুইদিন সেখানে থেকে যেতে চাই হিপ্পিদের মাঝে।

শুনেছি রক ফেস্টিভ্যালে সবাই রাত কাটায় তাবু টানিয়ে। এ বছর ফেস্টিভ্যালের প্রথম দিন বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। সুতরাং রেইন কোট, বুট জুতা, লাইটসহ প্রয়োজনীয় সবকিছুই নিয়ে যেতে হবে।

আমি বাসা থেকে বের হয়ে চলে গেলাম কানাগাওয়া কেন (প্রিফেকচার)-এ অবস্থিত এবিনা মসজিদে। সেখানে নামাজ শেষে রাত দশটার সময় বের হয়ে দৌড়ে গাড়িতে উঠলেও বৃষ্টিতে কিছুটা ভিজে গেলাম।

ঠিক সাড়ে দশটার সময় আমরা গিয়ে উঠলাম হাইওয়েতে। সহিদুল হককে কথা প্রসঙ্গে বলছিলাম জাপানে আমার দুইবার দুই দুর্ঘটনার গল্প। প্রথমবার দুর্ঘটনা ঘটানোর পর পুলিশি তদন্তে আমার কোনো ভুল ধরা পরেনি।

দ্বিতীয় দুর্ঘটনা ঘটেছিল অন্যরকমভাবে। কথা বলতে বলতে রাস্তায় যে আমি গাড়ি চালাচ্ছি, সেকথা ভুলে গিয়েছিলাম। হঠাৎ চোখে পড়লো সামনের সিগন্যালে লাল বাতি জ্বলে আছে। আমি সিগন্যালে না দাঁড়িয়ে রাস্তার মাঝখান পর্যন্ত চলে গিয়েছি। হঠাৎ তাকিয়ে দেখি, আমার ডান দিক থেকে দ্রুত গতিতে এক জিপ আসছে। জিপের গতি দেখে হার্ড ব্রেক চাপলাম। এতে গাড়ি এমনভাবে স্লিপ কাটলো যে, কোনোভাবেই গাড়ি আর থামানো সম্ভব হয়নি।

সহিদুল হক বললেন, এখানে ওনসেন আছে। এই ওনসেন ছেলেমেয়ে কাপড় ছাড়া একসাথে সবাই গোসলে নামে। ওনসেন হচ্ছে মাটির নিচ থেকে উঠে আসা গরম পানি। জাপানে এখানকার ওনসেন খুব বিখ্যাত। কয়েক হাজার ওনসেন আছে পুরো জাপানে। তার মধ্যে কুমাৎস্যু ওনসেন খুব জনপ্রিয়। জাপানিরা এই গরম পানিতে গা ডুবিয়ে বসে থেকে ক্লান্তি দূর করে। জাপানিদের বিশ্বাস এই ওনসেনে গোসল করলে শরীরের রোগ জীবাণুও অনেকটা সেরে যায়।

ট্যানেলের ভেতর দিয়ে পথ চলতে হচ্ছে বার বার। একসময় এমন এক ট্যানেলে গিয়ে ঢুকলাম যে যাচ্ছি তো যাচ্ছিই। এটাই কি জাপানের সবচেয়ে দীর্ঘ ট্যানেল কিনা, কে জানে!

রাত ২টায় পৌঁছলাম গন্তব্যে। কাছেই এক পাহাড়ের গা ঘেঁষে আমরা গাড়ি পার্কিং করে চলে গেলাম গেইটের কাছে। এখানে আসার আগেই আমি কর্তৃপক্ষের কাছে সাংবাদিক হিসেবে প্রেস পাসের জন্য আবেদন করেছিলাম। তা না হলে বাধ্যতামূলক টিকিট কাটতে হত। এক জনের জন্য তিনদিনের টিকিট মূল্য বাংলাদেশি টাকায় ২৯ হাজার টাকা প্রায়।

 ভেতরে মঞ্চে একটি মেয়ে রক মিউজিকের তালে তালে খুব নাচছে। সহিদুল হকও শুরু করলেন নাচানাচি। একটু পর সামনের দিকে হেঁটে গিয়ে পাহাড়ের উপর নিয়ে গেলেন সহিদ আমাকে। সেখানে বিদেশিরা দাঁড়িয়ে ড্রিংক করছে আর মিউজিকের তালে তালে শরীর দোলাচ্ছে। সেখান থেকে বের হয়ে চলে গেলাম বড় এক প্যাভিলিয়নে। ভেতরে গিয়েই বুঝতে পারলাম, এটা ল্যটিনদের প্যাভিলিয়ন। প্যাভিলিয়ন ভর্তি সবার হাতেই গ্লাস। সবাই মাতাল হলেও তালে ঠিক। খাচ্ছে আর নাচছে।

এরপর ডিসকোতে ঢুকে নাচতে শুরু করলাম। সহিদুল বললেন গাড়িতে গিয়ে ঘুমাবার কথা। আমরা চলে গেলাম গাড়িতে। গাড়ি নিয়ে চলে গেলাম দূরে। খুঁজে পেলাম নিরাপদ এক জায়গা। খালি মাঠের এক পাশে গাছের নিচে গিয়ে থামলাম। ভাবলাম, যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া দরকার। সিট সোজা করে সহিদুল সাথে সাথেই ঘুমিয়ে পড়লেন।

এক সময় সহিদুলের ঘুম ভাঙ্গলে বললাম, আশেপাশে থেকে কিছু খাবার কিনে নেওয়া দরকার। সহিদুল আমার অসুস্থতার কথা জানেন। তাই সাথে সাথে আমাকে নিয়ে রওনা হলেন খাবারের সন্ধানে। অনেক দূরের পথ। পেয়ে গেলাম ২৪ ঘণ্টার এক কনভ্যানিয়েন্ট স্টোর।

খেয়ে গাড়ি নিয়ে ছুটলাম ফেস্টিভ্যালে। সেখানে গিয়ে দেখি লোকজন আসতে শুরু করেছে। বড় রাস্তার উপরেই লাইন। রাস্তায় দাঁড়িয়ে কেউ কেউ টিকিট ব্ল্যাক করছিল। আমিও একসময় এখানে মাইকেল জ্যাকসনের কনসার্টে বেশকিছু টিকিট পেয়ে রাস্তায় দাঁড়িয়ে এভাবে বিক্রি করেছিলাম। ২০০২ সালের বিশ্বকাপ ফুটবল খেলার সময়ও বিক্রি করেছিলাম আমার কাছে থাকা কিছু বাড়তি টিকিট।

সহিদুলকে বললাম ভিতরে এখন অতটা আনন্দ হবে না। আনন্দ হবে রাতে। সামনে গিয়ে সহিদুলকে রেখে আমি একা বাসে চড়ে বসলাম। পাহাড়ের উঁচু-নিচু পথ আর ট্যানেল পেরিয়ে বাস পৌঁছলো এক রেল স্টেশন। স্টেশনের নাম ইচিগো ইয়োজাওয়া। স্টেশনের আশেপাশের পুরো এলাকা ঘুরে দেখলাম।

স্টেশনেই এক রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার খেয়ে এলাকার আশেপাশে দেখার মতো উল্লেখযোগ্য কিছু আছে কিনা, জেনে নিলাম। এক মার্কেটে গিয়ে দেখি সেখানে জাপানের ঐতিহ্যবাহী মদ বিক্রি হচ্ছে। সেই দোকানে লাইন দিয়ে মানুষ সেই মদ ফ্রি (সাকে) টেস্ট করছে। আমি দাঁড়ালাম লাইনে।

দোকানের মালিক বললেন, এবার ফুজি রক ফেস্টিভ্যাল উপলক্ষে তার কোম্পানি বিশেষ ধরনের সাকে (মদ) তৈরি করেছে, নাম ‘কানাদে’। সবাই ‘অমিয়াগে’ (উপহার) হিসেবে কিনে নিয়ে যাচ্ছে। অন্যদের মতোন আমিও প্রতি দোকানে গিয়ে ফ্রি টেস্ট করার একটা সুযোগ নিলাম।

খোঁ নিয়ে জানলাম, জাপানের সবচেয়ে বেশি ধান চাষ হয় নিগাতায় এবং কৃষিকাজের জন্য এই এলাকা বিখ্যাত। এখানকার ‘কশি হিকারি’ চাউল খুব বিখ্যাত। আর নায়েবা যেহেতু পাহাড়ী এলাকা, তাই এখানে চাষাবাদ হয় না। শীত মৌসুমে স্কির জন্যই বিখ্যাত। তাছাড়া ওনসেন আছে অনেক এখানে।

কিছু সময় এখানে-ওখানে আড্ডা দিয়ে চলে গেলাম আবার ফেস্টিভ্যাল স্পটে। গিয়ে দেখি, সহিদুল গাড়িতে মনের সুখে ঘুমাচ্ছে। তার ঘুম ভেঙ্গে গেলে আবার গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। সন্ধ্যা পর্যন্ত যতটা সম্ভব ঘুরে আবার চলে গেলাম ফেস্টিভ্যালে।

গভীর রাত পর্যন্ত ঘুরে ঘুরে আনন্দ করলাম। সহিদুলকে বললাম, মন ছুটে গেছে বাসার দিকে। আর মন বসানো যাবো না। চলেন এবার ভাগি। বলার পর মধ্য রাতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

সূর্য ওঠার আগেই ২০তম ফুজি রক ফেস্টিভ্যালকে বিদায় জানালাম। প্রায় এক লক্ষেরও বেশি লোকের সমাগম হয়েছে এবার। এ পর্যন্ত বিশ বছরের ২০তম ফেস্টিভ্যালে উপস্থিতির সংখ্যা ২০ লক্ষ। তবে তাদের অফিসিয়াল সাইটে বলা আছে, ২০০৫ সালে এক লক্ষের বেশি লোক উপস্থিত হয়েছিল।

এখানে আসার পর মনে হয়েছে, যেন অন্য জগতে এসেছি আমি। ফেরার সময় বুক খাঁ খাঁ করছিল। তবুও যে ফিরতে হবে, তাই সব পেছনে ফেলে রেখে চলে এলাম।

পি.আর. প্ল্যাসিড: জাপান প্রবাসী লেখক

এই লেখকের আরও পড়ুন

ফুজি পাহাড়ে সূর্যোদয় দেখতে গিয়ে

ছুটির দিনে পাহাড়ী হামামাৎস্যু শহরে

ভোর হলো হাকনে, দিন গেলো পাহাড়ে

গাড়িতে ভ্রমণ, গাড়িতেই রাত্রি যাপন

কিয়োটো স্বর্ণ মন্দিরে সারাদিন

কিয়োটো বিওয়া লেকের ধারে একদিন

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!