২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে এগিয়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি নারীরা

সংযুক্ত আরব আমিরাত লিঙ্গ সমতা রক্ষায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর চেয়ে একধাপ এগিয়ে আছে। নারীদের সামাজিক নিরাপত্তা,শিক্ষার অধিকার,ফরেন সার্ভিস থেকে জনপ্রশাসনের প্রতিটি ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণের সুযোগ এবং এমনকি নারী শিল্প উদ্যোক্তাদের নানাভাবে প্রণোদনা দিয়ে এগিয়ে নেওয়া দেশটির ভাবমূর্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 01:53 PM

Updated : 11 Oct 2022, 01:35 PM

পেট্রো প্রাচুর্যের কারণে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি হওয়ায় অর্থনৈতিক সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও দেশের নারীরা ঘরে বসে থাকেননি। হিজাবের মধ্যে থেকেও পুরুষের পাশাপাশি তারা নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে গেছেন।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’- এর এক রিপোর্ট অনুযায়ী, লিঙ্গ সমতার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের সব দেশ থেকে উন্নয়নের সবগুলো সূচকে এগিয়ে আছে। পুরুষ ও নারী সমাজের উন্নয়নের সমান অংশীদার- এ ধারণায় বিশ্বাস করেন এ দেশের মানুষেরা।

দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রতিষ্ঠান ‘ফেডারেল ন্যাশনাল কাউন্সিল’ (যা দেশটির আইনসভা)-এর ৯ জন সদস্যই নারী। আমিরাতের কেন্দ্রিয় সরকারের ২৯ সদস্যের কেবিনেটে ৭ জন নারী রয়েছেন। জাতিসংঘ,স্পেন,ফিনল্যান্ড,পর্তুগাল,ডেনমার্কের মত দেশে আমিরাতের রাষ্ট্রদূত নারী। 

‘আরব উইম্যান অর্গানাইজেশন’- এর মতে সংযুক্ত আরব আমিরাতের পাবলিক সেক্টরে জনশক্তির ৬৬ শতাংশই নারী। আর এদের মধ্যে ৩০ শতাংশ নীতি-নির্ধারণী ভূমিকায় আছেন। দুবাইয়ের এয়ারপোর্টগুলোর ৩৬ শতাংশ নির্বাহী পদ নারীদের দখলে। ইউএই’র ডিপ্লোমেটিক মিশনের ২০ শতাংশ সদস্যই নারী।

সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গনের সর্বত্রই নারীদের সাফল্যগাঁথা রচিত হয়েছে উদার রাষ্ট্রনীতির কারণে। আমিরাতের নারীরা এগিয়ে যাচ্ছেন সর্বক্ষেত্রে। দেশটিতে স্বাক্ষরতার হার ৯৫ শতাংশেরও বেশি হলেও বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষায় পুরুষের চেয়ে এগিয়ে আছেন নারীরা।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ৮ মার্চ ‘বিশ্ব নারী দিবস’কে সামনে রেখে এমিরেটস এয়ারলাইন্স নারীদের মহিমান্বিত করার একটি চমৎকার পদক্ষেপ নিয়েছিল। এয়ারলাইন্সের মিশরীয় মহিলা ক্যাপ্টেন নিভিন দারবিশ ও আমিরাতি ফার্স্ট অফিসার আলিয়া আল মুহেইরি এমিরেটস বহরের সুপার জাম্বু এয়ারক্রাফট A-380 এয়ারবাস নিয়ে উড়ে গেলেন দুবাই থেকে ভিয়েনা এবং ফিরেও এলেন।

Image
নিভিন দারবিশ ও আলিয়া আল মুহেইরি

নিভিন দারবিশ ও আলিয়া আল মুহেইরি

ক্যাপ্টেন দারবিশ প্রথম আরব মহিলা যিনি এয়ারবাস A-380-এর ক্যাপ্টেনের দায়িত্ব পেলেন। আর ফার্স্ট অফিসার এই এয়ারক্রাফটের সবচেয়ে নবীন মহিলা পাইলট হলেন।

এমিরেটস এয়ারলাইন্সের মোট জনশক্তির ৪৪ শতাংশ নারী এবং বিগত ৩১ বছরেরও বেশি সময় ধরে এর উত্তরোত্তর প্রবৃদ্ধিতে নারী কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। বর্তমানে এমিরেটস এয়ারলাইন্সে ১৫০টি দেশের ২৯ হাজার নারী কর্মী রয়েছেন।

সদ্য গ্র্যাজুয়েট অহুদ আল রুমিকে যখন দেশের কেন্দ্রিয় সরকারের নতুন সংযোজিত মন্ত্রণালয় ‘মিনিস্ট্রি অব হ্যাপিনেস’-এর প্রতিমন্ত্রী করা হয়েছিল, তখন অনেকেরই চক্ষু চড়কগাছ হয়েছিল।

প্রথমত, এ ধরনের একটি মন্ত্রণালয় যে থাকতে পারে, তা নিয়ে দ্বিধা ছিল অনেকের মনে। আবার সে মন্ত্রণালয়ের দায়িত্ব এত কম বয়েসী কাউকে দেওয়ায় সংশয় দেখা দিয়েছিল। কিন্তু পরে তার যৌক্তিকতা প্রমাণিত হয়। এ অঞ্চলের সবচেয়ে সুখী দেশ ইউএই'র নাগরিক ও অভিবাসীর মধ্যে একটা সুখ ও স্বস্তির আবহ সৃষ্টির মাধ্যমে তাদের মধ্যে আরও সক্ষমতা বৃদ্ধি এ মন্ত্রণালয়ের কাজ। আর তা অপেক্ষাকৃত একজন নতুন প্রজন্মের হাতে থাকলে সৃজনশৈলী ও তারুণ্যের উদ্যাম দিয়ে তিনি যে সফলভাবে তা করতে পারেন, এটাই বাস্তবতা। মিনিস্ট্রি অব টলারেন্সের দায়িত্বে একজন নারীকে রেখে এমনকি ২৩ বছরের অক্সফোর্ড গ্র্যাজুয়েট শাম্মা আল মাজরুইকে প্রতিমন্ত্রী করে দেশটি উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করে তার অবস্থানকে দিয়েছে অনন্য মহিমা।

আমিরাতে প্রবাসী বাংলাদেশি পেশাজীবী নারীরাও চিকিৎসা, নির্মাণ, ক্ষুদ্র ব্যবসা, সেবাসহ বিভিন্ন সেক্টরে তাদের পেশাগত দক্ষতা দেখিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কেউ আছেন দেশের মূলধারার রাজনীতির সাথে।

আবুধাবির ‘যায়েদ ইউনিভার্সিটি’র ‘ডিপার্টমেন্ট অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স’- এর অ্যাসিস্টেন্ট অধ্যাপক মেহরাজ জাহান শিক্ষকতা করছেন ২০০৭ সাল থেকে। একই ডিপার্টমেন্টে সিনিয়র শিক্ষক প্রফেসর হাবিবুল হক খোন্দকারও কাজ করছেন। কাজ করতে গিয়ে তার সুযোগ ঘটে আমিরাতিদের সাথে ভাব বিনিময়ের। স্রেফ কথায় নয়, এখানে কাজে লিঙ্গ সমতার পরিবেশ মুগ্ধ করে তাকে।

Image
অধ্যাপক মেহরাজ জাহান

অধ্যাপক মেহরাজ জাহান

শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক ব্যাংক ‘মাশরেক ব্যাংক ‘-এর আবু ধাবিতে বাংলাদেশি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মেহেরুন নেছা দীপা ১৭ বছর ধরে কাজ করছেন। এ কাজ করতে যেয়ে তার কাজের পরিবেশকে এক কথায় তিনি বলেন- “অ্যামেজিং। আরব পুরুষ সহকর্মীরা আমাদেরকে অনেক সহযোগিতা করেন এবং আমাদের কাজের প্রতি তারা শ্রদ্ধাশীল।” তিনি এও বলেন যে বাংলাদেশি মেয়েদের এখানে কাজের বহু সুযোগ আছে।
Image
মেহেরুন নেছা দীপা

মেহেরুন নেছা দীপা

দুবাইতে বসবাসরত মহিলা বঙ্গবন্ধু পরিষদ ইউএই'র সভাপতি কাউছার নাজ নাছের বলেন, “একজন নারী এখানে কোন নিরাপত্তাহীনতায় ভোগেন না। তার সন্মানটুকু থেকে কেউ তাকে বঞ্চিত করেন না,এটাই এখানকার ভাল দিক। তবে আমাদের দেশেও এখন ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।”
Image
কাউছার নাজ নাছের

কাউছার নাজ নাছের

একটি ট্র্যাভেল এজেন্সিতে সেলস এজেন্ট মণি কুন্ডূ কিংবা এক্সচেঞ্জ হাউজের বিপণন কর্মকর্তা ইন্দিরা পাল বাংলাদেশি হয়ে সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে কোন বৈষম্যের শিকার হন না,সেটা জাতিগত বৈষম্য হোক কিংবা লিঙ্গ বৈষম্য- যাই হোক না কেন।

লেখক: প্রবাসী বাংলাদেশি

এই লেখকের আরও পড়ুন

 প্রবাসের চিঠি: লাশ হয়ে দেশে ফেরা একজন মহিউদ্দীন

আরবের আবহাওয়া-প্রকৃতি, তাদের মেজাজের প্রতিকৃতি!

উপসাগরের ঢেউ, শাশুড়ি ও ছেলের বউ

আবুধাবিতে প্রবাস জীবন: শ্রমজীবী মোশাররফের গল্প

প্রবাসে মজার অভিজ্ঞতা: ফগ ভার্সাস ফ্রগ