নিউ ইয়র্কের লোকালয়ে আশ্রয়কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ
বাংলাভাষী অধ্যূষিত নিউ ইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় গৃহহীন ও মানসিক বিকারগ্রস্তদের আশ্রয় কেন্দ্র খোলার সিদ্ধান্ত বাতিল দাবিতে মানববন্ধন করেছেন প্রবাসীরা।
সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় নাগরিকরাও তাদের সন্তানদের নিয়ে অংশ নেন। আশপাশের মসজিদগুলো থেকে মুসল্লিরাও জড়ো হন সেখানে। সবার হাতেই ছিল লোকালয়ে আশ্রয়কেন্দ্র খোলার প্রতিবাদী স্লোগান।
ব্রুকলিনে বাংলাদেশিদের পরিচালিত বৃহত্তম মসজিদ ‘বাংলাদেশ মুসলিম সেন্টার’র সভাপতি আবুল হাশেম এ সময় বলেন, “যেখানে আশ্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে তার দুই পাশে দুটি স্কুল এবং আবাসিক ভবন রয়েছে।
“আশ্রয়কেন্দ্রে যারা বাস করে তাদের অনেকেই নেশাগ্রস্ত, মানসিক বিকারগ্রস্ত এবং আরো নানা অপরাধে লিপ্ত। এদের কারণে এলাকায় মাদক ব্যবসা, পতিতাদের আনাগোনাসহ নানা অপরাধের সূচনা হতে পারে। এসব অপরাধ শিশু শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্যও হুমকি হতে পারে।”
জনজীবন বিপন্ন হতে পারে, এমন কোনো পদক্ষেপ প্রশাসনকে নিতে দেওয়া হবে না বলে জানান তিনি।
মানববন্ধনের সমন্বয় করেন চট্টগ্রাম সমিতির সভাপতি মো. আকবর আলী, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট আবুল কাশেম, আবুল বশর, সিএমবিবিএর সাবেক সভাপতি আব্দুর রব চৌধুরী, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহিউদ্দিন হাসান প্রমুখ।
এ বিষয়ে জানতে স্থানীয় কাউন্সিলম্যান ব্র্যাড লেন্ডারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
