সুইস দেশে ‘গল্প বলার রাত’
সুইজারল্যান্ডের জুরিখে প্রবাসে বেড়ে ওঠা শিশুরা শুনিয়েছে-শুনেছে তাদের শেকড়ের গল্প।
এক রাজার দুই রানি, সুয়োরানি আর দুয়োরানি। সুয়োরানির ছেলেপুলে হয়না। দুয়োরানির দুই ছেলে শীত আর বসন্ত। সুয়োরানির খুনসুটিতে দুয়োরানির যেন দুঃখের শেষ নেই।
এমনি রাত জেগে জেগে দাদু-নানুর কোলে শুয়ে রূপকথার আরও কত গল্প শোনা, আর শুধুই কি রূপকথা, রাক্ষস, ভূত-পেত্নির গল্প, হাসির গলপ, পাঁচমিশালি গলপ, গোয়েন্দা গল্প এরকম কত শত গল্পের ভেতর হারিয়ে যেত আমাদের শৈশব।
গল্পের খোঁজে বসেছিল সুইসদের দেশে বেড়ে ওঠা বাঙালি শিশুরাও। জুরিখ বাংলা স্কুলে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের মননের বিকাশ, সংস্কৃতির শেকড় সন্ধান করার জন্য আয়োজন করে আসছে বিভিন্ন অনুষ্ঠানের।
এই ধারাবাহিকতায় এবারের আয়োজন ছিল ‘গল্প বলার রাত’। ছোট্ট বন্ধুদের সমন্বয়ে ছিল লামিয়া হোসাইন সুপ্রিয়া।
ছোট্ট সোনামনিদের নানা গল্প উৎসুক আর মুগ্ধ কেরছিল উপস্থিতদেরকে। চিরায়ত টোনাটুনির গল্প, রাজা রানির গল্প, আমাদের মুক্তিযুদ্ধের গল্প, এমনকি আমাদের ঝড়-জলোচ্ছাসের গল্প যেন আমাদের সবাইকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল শৈশবে, দাদু-নানুর কোলে সেই গল্পের আসরে!
এক ছোট্ট সোনামনি শোনায় এই গল্পটি- ‘অনেকদিন আগে একটা গাছ ছিল। আর একটি ছেলে প্রতিদিন সেই গাছের কাছে আসত আর গাছতলায় পড়ে থাকা পাতা কুড়িয়ে সে নানা ধরনের খেলনা বানাতো। কখনো ঘড়ি, কখনো মুকুট, ছেলেটা সেই পাতার মুকুট মাথায় দিয়ে রাজা সাজতো। যেন সে মাঠের রাজা, আর গাছটা তার প্রাসাদ। ছেলেটা গাছ বেয়ে উপরে উঠত, খেলতো আর ক্লান্ত হয়ে পড়লে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ত। ছেলেটাও গাছটাকে ভালোবাসতো।
দিন চলে যায়। ছেলেটা ধীরে ধীরে বড় হয়ে ওঠে আর জীবন আর জীবিকার খোঁজে চলে যায় ভিন দেশে।
শুনে মনে হলো এ তো আমাদের, প্রবাসীদের গল্প! এতো আমাদেরই শেকড় থেকে দূরে চলে আসার গল্প।
চোখের কোণে ঝলঝল অবস্থায় আনমনেই মন বলে উঠল, ‘ভালো থেকো গাছ, ভালো থেকো।’
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদেরকে জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
