জার্মানির ইলমেনাউয়ে ‘বাংলাদেশি সন্ধ্যা’
সোমবার জার্মানির ইলমেনাউ শহরে হয়েছে বাংলাদেশ সন্ধ্যা।
এই ‘বাংলাদেশি সন্ধ্যা’র আয়োজন করে ইলমেনাউ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। জার্মানির ছোট্ট শহর ইলমেনাউতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা খুবই কম। এদেরই দশজন মিলে ‘সাহস করে’ আয়োজন করে এই সন্ধার!
এই আয়োজনে ছিল খাবার আর সংস্কৃতি তুলে ধরার প্রয়াস। বাংলাদেশকে আগত অতিথিদের কাছে পরিচয় করিয়ে দেবার একটি অংশও ছিল এই সন্ধ্যায়।
খাবারের ব্যবস্থা রাখা হয় দুইশ অতিথির জন্য আর সঙ্গে সঙ্গীত পরিবেশন।
‘বাংলাদেশি নাইট’ উপলক্ষে দেশ থেকে আনানো হল জাতীয় পতাকা। এই কয়েকজন মিলেই শহরে চালায় প্রচারণা। অনুষ্ঠানের জন্য লিফলেট আর পোস্টার বানানো হয়। ফেইসবুক ইভেন্টও খোলা হয়।
২০০ জন অতিথির জন্য রান্নার দায়ভার নিল সোহেল, রনিতা আর শান্ত।
বাজার হবার পর দেখা গেল হিসেব ছাড়িয়ে খরচ হয়েছে ৩০ ইউরো বেশি! ‘বাংলাদেশি নাইট’ তো আর রোজ হবে না, তাই ভর্তুকই সই!
জার্মানরা মিষ্টি পছন্দ করে। তবে গাজরের হালুয়া তাদের জন্যে পুরোপুরি নতুন জিনিস। পছন্দ করবেই!
অনুষ্ঠানের দিন সকাল থেকে শুরু হলো রান্নার প্রস্তুতি, কিছু কাজ অবশ্য আগের রাতেই করে রাখা হয়েছিল। সোহেল এবং রোমেল মাংস রান্না করে ফেলল। সন্ধ্যার মধ্যেই সব খাবার তৈরি।
সন্ধ্যার পর থেকেই ‘বিশাল লম্বা’ লাইন দিয়ে শহরের ‘বিআই ক্লাবে’ এর গেটে শুরু হল অতিথিদের আনাগোনা।
প্রথম দেড় ঘণ্টা রাতের খাবারের পাশাপাশি মিউজিক সিস্টেমে চলেছে বাংলা সঙ্গীত। এরপর মির অতিথিদের সামনে ‘প্রেজেন্ট’ করেন বাংলাদেশকে। আর সবশেষে ছিল শুভ্রদের লাইভ বাংলা গানের পরিবেশন।
এর মাঝেই শুরু হল দেশের ‘প্রেজেন্টেশান’। আর শেষে হল সংগীত। বাংলা গানের পাশাপাশি অতিথিদের জন্য কয়েকটি ইংরেজি গানও পরিবেশিত হয়।
অনুষ্ঠান যখন শেষ ঘড়ির কাঁটায় তখন রাত একটা!
মাত্র দশ বঙ্গসন্তান মিলে শ্রেফ সাহসের জোরে এই ছোট্ট শহরে জার্মানদের কাছে তুলে ধরল বাংলাদেশকে। আমরা বাংলাদেশিরা একসঙ্গে কাজ করলে কীনা পারি!
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
