জার্মানির মাটিতে বাংলা নববর্ষের ছোঁয়া
প্রতিবছরের মতো এবারও জার্মানির নানা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা বাংলা বছরের প্রথম দিনকে বরণ করেছেন।
বিদেশের মাটিতে বসবাস করলেও দেশের সংস্কৃতি ও কৃষ্টিকে ভুলে যান না তারা৷ আর তাই তো বার্লিন, বন, কোলন, হামবুর্গ, আখেন ইত্যাদি শহরে নববর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেন বাঙালিরা৷ সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও নানা খাবারের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন তারা৷
বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন, সমিতি ও সোসাইটি বা সাংস্কৃতিক কেন্দ্র সাধারণত এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
তবে এবার স্বল্প পরিসরে হঠাৎ করেই নববর্ষ বরণের পরিকল্পনা করি আমরা কয়েকজন৷ আয়োজন হলো আমার বাড়িতেই৷ রুর অঞ্চলের শহর ডুইসবুর্গের এক প্রান্তে বাস আমার৷
আমার তিনতলা বাড়িটার পেছনেও রয়েছে বেশ বড়সড় এক বাগান৷ অনেকে তো মজা করে ‘তপোবন’ বলেন৷ সেটাকে কাটছাঁট করে কিছুটা আয়ত্তে আনা হয়েছে এখন৷ অনায়াসে অনেক মানুষের সমাগম হতে পারে এই বাগানে৷
ডুইসবুর্গ ও পাশের এসেন, ম্যোনশেনগ্লাডবাখ, কাম্প-লিন্টফোর্ট শহরে বেশ কিছু বাংলাদেশি ছাত্রছাত্রী পড়াশোনা করছেন বর্তমানে।
আমি ডুইসবুর্গ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি৷ ডক্টরেটও করেছি সেখান থেকে৷ অনেক দিনের সম্পর্ক বলে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগটা রয়েছে এখনও৷ সেই সূত্রে বেশ কিছু ছাত্রছাত্রীর সঙ্গে পরিচয় হয়৷ অনেকটা অজান্তেই আমার বাড়ি পরিণত হয় যেন এক ‘ছাত্রাবাসে’। বাংলাদেশ থেকে আসা ছাত্রের সংখ্যাই বেশি৷
পয়লা বৈশাখ আয়োজনের কথা বলতেই এক কথায় রাজি তারা৷ সাব্বির তো প্রস্তাবটা লুফে নিল৷ এমনিতেই রান্নাবান্না করতে ও খাওয়াতে ভালবাসে ছেলেটি৷ ঝটপট মেনু তৈরি হয়ে গেল৷ কে কী তৈরি করবে তাও ঠিক হয়ে গেল৷
আমার দায়িত্ব পড়ল ইলিশ মাছ ভাজার৷ পয়লা বৈশাখে ইলিশ না হলে কী চলে? তৈরি করলাম খেজুরের গুড়ের পায়েস ৷
সে আশা করেছিল খানিকটা আগেই হয়তো ক্লাস থেকে বের হয়ে আসতে পারবে৷ কিন্তু শিক্ষিকা কিছুতেই অনুমতি দিলেন না৷ অগত্যা ডেয়ার, ডি, ডাস-এর ধকল শেষ করেই তাকে বাসায় আসতে হল৷
ইতিমধ্যে বিন্তি ও মিষ্টি এসে গেল৷ কিছুক্ষণ পরে এল ইমরান৷ বিন্তি ও ইমরান দম্পতি আমার বাসার বাসিন্দা ছিল কিছুদিন৷ এসেই ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ে বিন্তি৷ তা না হলে অনুষ্ঠানের অনেক স্মৃতিই হয়তো ধরে রাখা যেত না৷
আসরে একমাত্র জার্মান তরুণ হলগার প্রথমে কাঁটা-ছুরি দিয়ে শুরু করলেও পরে সবার দেখাদেখি হাত দিয়ে খাওয়া শুরু করে৷ এটা তার কাছে ছিল এক দারুণ অভিজ্ঞতা৷
রেকর্ডে ভেসে আসছিল বৈশাখ বরণের গান, ‘এসো হে বৈশাখ, এসো এসো’।
কারো কারো কণ্ঠে শোনা যায় কবিতার কলি, ‘নতুন বছর কাটুক ভালো, কাটুক বিষাদ, আসুক হর্ষ, শুভ হোক নববর্ষ’।
