২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

মালদ্বীপে প্রবাসীদের জন্য জুমার খুতবা বাংলায় করার প্রস্তাব

শিক্ষা ও ধর্মীয় সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপের সমঝোতা।

মালদ্বীপে প্রবাসীদের জন্য জুমার খুতবা বাংলায় করার প্রস্তাব
হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম ও ধর্মমন্ত্রী মোহাম্মদ শাহিম আলী সাঈদ। ছবি: বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ২৪

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 12:59 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য শুক্রবারের জুমার খুতবা বাংলায় অনুবাদ করার প্রস্তাব এসেছে। মালদ্বীপের ধর্মমন্ত্রী মোহাম্মদ শাহিম আলী সাঈদের সঙ্গে সাক্ষাতে এ প্রস্তাব দেন বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম।

বুধবার রাতে হাই কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ উদ্যোগ বাস্তবায়িত হলে ধর্মীয় বার্তাগুলো প্রবাসীরা আরও সহজে ও গভীরভাবে বুঝতে পারবেন।” 

সাক্ষাতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় সম্পৃক্ততা বৃদ্ধি, ইসলামিক জ্ঞান বিনিময় এবং মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ সম্প্রসারণের বিষয়ে সম্মত হয় দুই দেশ।

সাক্ষাতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা কাঠামোবদ্ধ করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বিশেষজ্ঞ, ইসলামিক গবেষক ও শিক্ষাবিদদের বিনিময় কার্যক্রম আরও সহজ হবে বলে উভয় পক্ষ আশা করেন।

মালদ্বীপের ধর্মমন্ত্রী মোহাম্মদ শাহিম আলী সাঈদ বলেন, “মালদ্বীপ বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম ও নির্ভরযোগ্য অংশীদার দেশ হিসেবে বিবেচনা করে।” 

তিনি বাংলাদেশের ইসলামিক বিশেষজ্ঞদের দক্ষতা কাজে লাগানোর ইচ্ছের কথা জানান। পাশাপাশি বাংলাদেশের জাকাত ব্যবস্থাপনা, মানবসম্পদ, শিক্ষা ও সমাজকল্যাণ খাতের ভূমিকার প্রশংসা করেন।

হাই কমিশনার নাজমুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন এবং উল্লেখ করেন, বাংলাদেশ মালদ্বীপের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি জোরদারে পাশে থাকবে। 

তিনি বলেন, “দুই দেশের জনগণ বিশ্বাস, মানবতা ও সৌহার্দ্যের মাধ্যমে আরও ঘনিষ্ঠ হোক, এটাই আমাদের কামনা।”

এছাড়াও দুই দেশ শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন। মন্ত্রী শাহিম আলী সাঈদ জানান, মালদ্বীপ সরকার বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য তাদের শিক্ষার্থীদের অর্থায়ন ও সহায়তা দেবে।