মালয়েশিয়ার পাহাং রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহতের খবর
তাৎক্ষণিকভাবে তাদের পুরো পরিচয় জানা যায়নি।
মালয়েশিয়ার পূর্ব উপকূলের পাহাং রাজ্যে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ও তার ‘পালিত পুত্র’ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ আদম (৩৯), তার ‘পালিত পুত্র’ মুহাম্মদ ফাইক আকওয়া আব্দুল্লাহ (৯) মালয়েশিয়ান নাগরিক। তাৎক্ষণিকভাবে তাদের পুরো পরিচয় জানা যায়নি।
স্থানীয় সময় শুক্রবার ভোরে পাহাং রাজ্যের জালান কাম্পুং পুলাউ মানসোক-জেরানটুট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির ইংরেজি দৈনিক ‘দ্য স্টার’।
তাদের প্রতিবেদনে বলা হয়, ওইদিন বাংলাদেশি মোহাম্মদ আদম মোটরসাইকেলে করে তার পালিত পুত্র মুহাম্মদ ফাইক আকওয়া আব্দুল্লাহকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে একটি গর্ত এড়ানোর চেষ্টা করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।
রাজ্যের পুলিশ প্রধান জুকরি মুহম্মদ বলেন, “সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু হয়। আমরা পাসপোর্ট দেখে তাদের পরিচয় জেনেছি।
“মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি সড়ক থেকে গভীরে ঝোপের মধ্যে পড়ে যায়। ওই গাড়িতে থাকা ৪১ বছর বয়সী এক নারী এবং তার ৫ বছরের ছেলে আহত হয়েছেন।”
ময়নাতদন্তের জন্য লাশ জেরানটুট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় একটি মামলা করা হয়েছে, মামলার তদন্তের জন্য গাড়ির চালকের কাছ থেকে একটি বিবৃতি নেওয়া হবে।
