Published : 12 Nov 2025, 04:24 PM
যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে’-এর অষ্টম বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার পূর্ব লন্ডনের রিজেন্টস লেক ব্যাংকুয়েটিং হলে দিনব্যাপী এ আয়োজন করেন তারা।
সভা শুরু হয় বিদায়ি সভাপতি প্রশান্ত লাল দত্ত পুরকায়স্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন ইকোর পরিচালনায়। প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার শাহগীর বখত ফারুক এবং সহ-কমিশনার মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও নাজির উদ্দিন চৌধুরী নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।
২০২৫-২০২৭ সালের জন্য কমিটিতে যারা আছেন- সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি মেসবাহ উদ্দীন ইকো, সহ-সভাপতি নিলুফা ইয়াসমীন হাসান, রীপা সুলতানা রাকীব ও মির্জা আসাব বেগ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, যুগ্ম সম্পাদক মাহারুন আহম্মেদ মালা ও মিজানুর রহমান, কোষাধ্যক্ষ সৈয়দ জাফর, যুগ্ম কোষাধ্যক্ষ ফাইজুল হক রিপন ও কনকন কান্তি ঘোষ।
সভায় ২০১৭ সাল থেকে অ্যালামনাইয়ের উদ্যোগে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান কার্যক্রম তুলে ধরা হয়। গত বছর ২৫ জন শিক্ষার্থী এবং এই বছর জানুয়ারিতে ৫০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। উপস্থিত সদস্যরা আরও দেড়শ শিক্ষার্থীকে আগামী বছরে বৃত্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সম্পাদক রীপা সুলতানা রাকীব, মিজানুর রহমান, এরিনা সিদ্দিকী সুপ্রভা ও সৈয়দা সুবর্ণা। অনুষ্ঠান শুরু হয় মাহফুজা রহমানের লেখা কবিতা ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়’ পরিবেশনের মাধ্যমে।
সভায় বিদায়ি সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন ইকো দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন, কোষাধ্যক্ষ সৈয়দ জাফর আর্থিক প্রতিবেদন এবং দপ্তর সম্পাদক মিজানুর রহমান সপ্তম সাধারণ সভার সারমর্ম উপস্থাপন করেন।