সংকটে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এবিপিসির
১২ মুক্তিযোদ্ধা সমবেত কণ্ঠে গাইলেন ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দেশে সহিংসতা ছড়িয়ে পড়ার পরিস্থিতিতে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’ (এবিপিসি)।
রোববার যুক্তরাষ্ট্রের হাডসন নদীর তীর বেয়ে ওয়েস্টচেস্টার কাউন্টির জর্জ আইল্যান্ড পার্কে বনভোজনের আয়োজন করেন তারা।
এতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে ১১ মুক্তিযোদ্ধা সমবেত কণ্ঠে ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানটি পরিবেশন করেন এবং বাংলাদেশের চলমান পরিস্থিতিতে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মুক্তিযোদ্ধারা হলেন- লাবলু আনসার, আবুল বাশার চুন্নু, রেজাউল বারি, রাশেদ আহমেদ, নাজিমউদ্দিন, আব্দুল হাই মঞ্জু, গোলজার হোসেন, এমদাদুল হক, আব্দুর রহমান, মেজবাউদ্দিন ও মজিবর রহমান।
সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী ও কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে এ বনভোজন কমিটির আহ্বায়ক ছিলেন আলিম খান আকাশ, প্রধান সমন্বায়কের দায়িত্ব পালন করেন আনিসুর রহমান।
এতে নানা আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোর, ক্লাব সদস্য ও অতিথিদের নিয়ে বিনোদনমূলক খেলাধুলা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ক্লাবের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফারুক ও যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন অভি।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’ (জেবিবিএ)-এর সভাপতি হারুন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান।
