যুক্তরাষ্ট্রে ‘আগামী’র নতুন সভাপতি হলেন পারভেজ
বাংলাদেশে শিক্ষা বিস্তারে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে উত্তর আমেরিকাভিত্তিক সংস্থা ‘আগামী’।
বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে কাজ করা যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ‘আগামী ইনক’-এর নতুন সভাপতি হয়েছেন প্রবাসী মুস্তাফিজুর রহমান পারভেজ।
গত ২৮ নভেম্বর সংস্থাটির পরিচালক পর্ষদ ২০২৩-২০২৪ মেয়াদে তাকে এ পদে মনোনীত করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০১১ সালে সান ফ্রান্সিসকোর বে এলাকায় সংস্থাটির প্রতিষ্ঠাতা সাবির মজুমদারের হাত ধরে এর কার্যক্রমে যুক্ত হয়েছিলেন প্রযুক্তি বিশেষজ্ঞ পারভেজ। কাজ করেছেন একই সংস্থার সৌর প্রকল্পের সমন্বয়ক, সাউথইস্ট চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচালক পদে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অভিজ্ঞতা ও দক্ষতার মধ্য দিয়ে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজের পরিসর বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখার কথা জানান পারভেজ।
তিনি বলেন, “গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের প্রয়াসে কাজ করছে ‘আগামী’। কৌশলগত ভূমিকা ও দৃষ্টিভঙ্গিগত অবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সত্যিকারের পরিবর্তন আনতে আমরা চেষ্টা চালাবো। এই শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা গেলে এবং তাদের দক্ষতার উন্নয়ন ঘটানো গেলে অর্থনৈতিক উন্নয়নেও তারা অবদান রাখবে।”
সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্পন্ন শিক্ষার সুযোগ তৈরিতে যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের মাধ্যমে ‘আগামী' তার কার্যক্রম পরিচালনা করে। এই তহবিল দিয়ে বাংলাদেশে বেশ কয়েকটি স্কুল পরিচালনা করছে সংস্থাটি। গত ২০ বছর ধরে ৪০টির বেশি স্কুলে সহায়তা করেছে তারা।
বর্তমানে ১৯টি স্কুলে ৩ হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের শিক্ষাপ্রদানসহ, শিক্ষা বিস্তারে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে উত্তর আমেরিকাভিত্তিক সংস্থা ‘আগামী’।
