২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও একই কায়দায় নির্বাচন চায় সরকার: ফখরুল

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জয়ী হলে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2022, 12:28 AM

Updated : 23 Jul 2022, 12:32 AM

নিরঙ্কুশ ক্ষমতা ও একদলীয় শাসন পোক্ত করতে সরকার আবারও ‘একই কায়দায়’ নির্বাচন করতে চায় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “বর্তমান সরকারের জবাবদিহিতার কোনো জায়গা নেই। কারণ তারা নির্বাচিত নয়।”

মির্জা ফখরুল বলেন, “নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার ফলে এরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে, তারা তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্য এবং তাদের যে লক্ষ্য একদলীয় শাসনব্যবস্থাকে পোক্ত করবার জন্য আবারও আরেকটা নির্বাচন তারা একই কায়দায় একইভাবে সংঘটিত করতে চায়।”

এসময় নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপি মহাসচিব।

“এই সরকারকে তাদের ব্যর্থতার জন্য, এই সরকারকে জনগণের ওপরে সমস্ত দুঃশাসন চাপিয়ে দেওয়ার অপরাধে এবং বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দেওয়ার কারণে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।

“পদত্যাগ করে তাদেরকে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সংসদ ও সরকার গঠন করতে হবে।”

মির্জা ফখরুল বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব পরিষ্কার বলেছেন, সেই নির্বাচনে যদি আমরা জয়ী হয়ে আসতে পারি, তাহলে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করব।

“সেই জাতীয় সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য সমস্ত সমস্যাগুলো চিহ্নিত করে- আমরা সেই পথে এগিয়ে যাব, যেই পথে জনগণের মুক্তি আসবে বলে আমরা বিশ্বাস করি।”

বিএনপি মহাসচিব বলেন, “আমরা দেখছি দেশে দারিদ্র্য বাড়ছে, আমরা দেখছি যে বিদ্যুতের কী অবস্থা, আমরা দেখছি যে স্বাস্থ্য বিভাগ কিভাবে ধ্বংস হয়ে পড়েছে, আমরা দেখছি যে শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস হয়ে পড়েছে।

“আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে পড়েছে, ব্যাংকিং সিস্টেম ধ্বংস হয়ে পড়েছে। এই যে সামগ্রিক একটা ধ্বংসের দিকে যাত্রা, এই যে সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, এই যে সামগ্রিকভাবে জনগণের আশা-আকাঙ্ক্ষাগুলো ধ্বংস করে দেওয়া- এই বিষয়গুলো কিন্তু আজকে জনগণের সামনে প্রশ্ন হিসেবে এসে দেখা দিয়েছে।”

মতবিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

গত ২১ জুন ১১ সদস্যের মিডিয়া সেল গঠন করে বিএনপি। এই সেলের আয়োজনে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের পর নৈশভোজের আয়োজন করা হয়।

মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরীর এ্যানির পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, মিডিয়া সেলের সদস্য শাম্মী আখতার, রুমিন ফারহানা, কাদের গনি চৌধুরী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, চেয়ারপারসনের কার্যালয়ের এবিএম আবদুস সাত্তার, রিয়াজ উদ্দিন নসু, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।