কারাগারে থেকেই পরীক্ষা দেবেন রিজভী
এলএলএম পরীক্ষায় অংশ নিতে আদালতের অনুমতি পেয়েছেন বিএনপি নেতা।
কারাগারে থেকেই আইন বিষয়ে স্নাতকোত্তর বা এলএলএম পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপি নেতার আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ।
এই আইনজীবী বলেন, “তিনি (রিজভী) এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) করছেন।
“আগামী ১১, ১৩ ও ১৯ জানুয়ারি তার ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। শুনানি শেষে আদালত কারাবিধি অনুসারে কারা কর্তৃপক্ষকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি রিজভী পরে ছাত্রদলের সভাপতি হয়ে ঢাকাঢ আসার পর নানা পদ পেরিয়ে এখন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
তিনি মূলত নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েই থাকেন, দলের দপ্তরও তিনি দীর্ঘদিন সামাল দিয়ে আসছেন।
১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে উত্তেজনার মধ্যে গত ৭ ডিসেম্বর পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে রিজভীসহ কয়েকশ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পরে নাশকতার সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
