১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পুলিশ হত্যা: বিএনপির আমীর খসরু ও স্বপন ৬ দিনের রিমান্ডে

শুনানিতে আমীর খসরু বলেন, “বিএনপি জনবিচ্ছিন্ন দল নয় যে তাদের সন্ত্রাস করতে হবে।”

পুলিশ হত্যা: বিএনপির আমীর খসরু ও স্বপন ৬ দিনের রিমান্ডে

আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপন

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2023, 06:08 PM

Updated : 03 Nov 2023, 07:30 PM

বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ হত্যার ঘটনায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শুক্রবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম জাকী আল ফারাবী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ দিন দুই বিএনপি নেতাকে  মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মতিঝিল জোনের ডিবি পরিদর্শক তরিকুল ইসলাম।  অপরদিকে তাদের জামিন চেয়ে শুনানি করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বিএনপি সমর্থিত আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আসামিদের পক্ষে শুনানিতে অংশ নিলেও মূল বক্তব্য রাখেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, এ মামলার মত বিএনপির ৫০ লাখ নেতা কর্মীর বিরুদ্ধে ‘গায়েবি মাম’লা রয়েছে। বাংলাদেশে এত ‘মিথ্যা মামলা’ একসঙ্গে এর আগে দেখা যায়নি।

আমীর খসরু বলেন, “বিএনপি জনবিচ্ছিন্ন দল নয় যে তাদের সন্ত্রাস করতে হবে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য হামলা মামলা করা হচ্ছে।”

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই দিনই রাতে গুলশানের আরেক বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্য আমিরুল হক পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। পরে পল্টন থানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

আসামিদের মধ্যে আরও আছেন বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, নিপুণ রায়, আমিনুল হক, হাবিবুন নবী খান, সুলতান সালাউদ্দিন টুকু, এস এম জিলানী, শামসুজ্জামান দুদু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, তাবিথ আউয়াল, রফিকুল ইসলাম মাহাতাব, ইকবাল হোসেন শ্যামল, ইঞ্জিনিয়ার ইশরাক, রাশেদ ইকবাল খান, সাইফ মাহমুদ জুয়েল, কাজী রওনাকুল হক শ্রাবণসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মামলার এজাহারে বলা হয়, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার পল্টন থানার কালভার্ট রোডের পূর্বপ্রান্তে বাদীসহ অন্য পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন। বেলা পৌনে ৩টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের ‘হাজার হাজার’ নেতাকর্মী তাদের উপর হামলা করে। ইটপাটকেলের আঘাতে এডিসি (ডিবি-ওয়ারী জোন) ইলিয়াছ হোসেন, কনস্টেবল আমিরুল হকসহ বেশ কয়েকজন পুলিশ আহত হন।

সেসময় আমিরুল হক ‘আত্মরক্ষার্থে’ ডিআর টাওয়ারে প্রবেশ করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা তাকে রাস্তার উপর ফেলে এলোপাতাড়ি ইট, লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। তাতে আমিরুল গুরুতর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। তখন পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা পালিয়ে যায়। আমিরুলকে পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ মামলায় গত ৩০ অক্টোবর মীম রেজা ওরফে শিন্টা শামীম ও সুলতান নামের দুইজনকে ৭ দিনের রিমান্ডে পায় পল্টন থানা পুলিশ। পরদিন শহিদুল্লাহ মুসুল্লী নামের আরেকজনকে দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত।

এর বাইরে কনস্টেবল আমিরুল হত্যার ঘটনায় শুক্রবার সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি আনসার উদ্দিনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

পুরনো খবর

পুরানো খবর:

বিএনপির জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার

পুরানো খবর:

এবার বিএনপির আমীর খসরু আটক

পুরানো খবর:

রাজধানীতে পুলিশ হত্যা: সুনামগঞ্জের যুবদল সভাপতি গ্রেপ্তার

পুরানো খবর:

পুলিশ হত্যা: আরেকজন ২ দিনের রিমান্ডে

পুরানো খবর:

পুলিশ হত্যা: গ্রেপ্তার দুজন ৭ দিনের রিমান্ডে