জেলায় জেলায় বিএনপি ও জোটের পদযাত্রা শনিবার
ঢাকায় শনিবার অনুমতি না মেলায় পরদিন দক্ষিণ কেরাণীগঞ্জে পদযাত্রা করবে বিএনপি।
সরকার হটাতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার জেলা পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি ও সমমনা জোটগুলো।
এ দিন ঢাকা বাদে বাকি ৬৩ জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকায় শনিবার অনুমতি না মেলায় পরদিন দক্ষিণ কেরাণীগঞ্জে পদযাত্রা করবে বিএনপি।
শনিবার রাজধানীতে সমমনা জোটগুলোরও কোনো পদযাত্রা কর্মসূচি নেই উল্লেখ করে জোটের নেতারা জানিয়েছেন, এদিন রাজধানীতে পদযাত্রার বিষয়ে পুলিশের অনুমতি তারা পাননি। তবে ঢাকার বাইরের জেলাগুলোতে তাদের কর্মসূচি হবে।
বিদুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, দমনপীড়ন বন্ধ, সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে এ পদযাত্রা করছে বিএনপি।
গত ডিসেম্বর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে অভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন করে। গত দুই মাসে তারা দেশজুড়ে গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় সমাবেশ কর্মসূচি করেছে।
এরপর গত ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে এবং ১৮ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে।
যুগপৎ আন্দোলন কর্মসূচির বাইরে মহানগর বিএনপিও রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচটি পদযাত্রা করেছে।
সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক
এদিকে শুক্রবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং এলডিপির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন।
বৈঠকের পর ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “যে বিশ্বাস নিয়ে আমরা ঐক্য করেছি, যে বিশ্বাস নিয়ে আমরা যুগপৎ আন্দোলন করছি, সেই বিশ্বাসে আমরা সকলে অটুট আছি।
“সেই বিশ্বাস নিয়ে আমরা আগামী দিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব।”
বৈঠকে ১২ দলীয় জোটের জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিপির আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলামের গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয়তাবাদী সমমনা দলের এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফুর রহমান, গণদলের এটিএম গোলাম মাওলা, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম এবং এলডিপির রেদোয়ান আহমেদ, নুরুল আলম, নেয়ামুল বশির, এমএম মোর্শেদ উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
