২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে সাম্প্রদায়িক অশুভ শক্তিকে’ প্রতিহত করার আহ্বান কাদেরের

“পহেলা বৈশাখই আমাদের নববর্ষ। জানুয়ারি মাসের ইংরেজি বর্ষ আমাদের নববর্ষ নয়,” বলেন কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 01:40 PM

Updated : 14 Apr 2023, 01:40 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পহেলা বৈশাখের সাথে যাদের সংঘাত, তারাই সাস্প্রদায়িকতা বিশ্বাস করে; আর সেই ‘সাম্প্রদায়িক অশুভ শক্তিকে’ প্রতিহত করতে হবে।

বাংলা নববর্ষ উপলক্ষে শুক্রবার বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, "পহেলা বৈশাখই আমাদের নববর্ষ। জানুয়ারি মাসের ইংরেজি বর্ষ আমাদের নববর্ষ নয়। আমাদের হৃদয়ে, চেতনায়, ঐতিহ্যে, চেতনায় পহেলা বৈশাখ। আমাদের ইতিহাসের ঐতিহ্যের অস্তিত্বের ঠিকানা হচ্ছে পহেলা বৈশাখ।

"আমাদের চেতনার বাংলাদেশে, ধর্মনিরপেক্ষতা। এ চেতনা অসাম্প্রদায়িক চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা। নববর্ষ এবার নতুন বার্তা নিয়ে এসেছে। বাণিজ্যের লাভজনক ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম চলছে, নেত্রী (শেখ হাসিনা) তা রূপ দিচ্ছেন।"

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা অস্বীকারকারীরাই পহেলা বৈশাখ উদযাপন করে না। তাদের আদর্শ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে। এই অপশক্তি সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত করব, পরাজিত করব।

"বিনএপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বীজ বাংলাদেশে ডালপালা ছড়িয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার অশুভ বীজ উৎপাটন করা হবে। পহেলা বৈশাখের সাথে যাদের সংঘাত তারাই সাস্প্রদায়িকতা বিশ্বাস করে, তাদের প্রতিহত করতে হবে। সাম্প্রদায়িক ও অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে।"

যতদিন দেশে আওয়ামী লীগ থাকবে, ততদিন পহেলা বৈশাখও উদযাপন করা হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “পহেলা বৈশাখসহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল, এখনো আছে। কে পালন করল, কে করল না, তাতে আমাদের কোনো আগ্রহ নেই, আমরা পালন করব।… আওয়ামী লীগ সরকারের আমলে সারা বাংলায় নবজাগরণের ঢেউ জেগেছে।"

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শোভাযাত্রায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া বক্তব্য রাখেন।