২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের কর্মসূচি আগে ঘোষণার দাবি বিএনপির

বিএনপির শনিবারের ‘ইউনিয়ন পদযাত্রায়’ ৪৩ এলাকায় হামলায় পাঁচ শতাধিক আহত এবং দুইশর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলটির ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 03:17 PM

Updated : 12 Feb 2023, 03:17 PM

আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত রাজপথে আওয়ামী লীগের কর্মসূচিগুলো আগেভাগে ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি।

ক্ষমতাসীন দলের কর্মসূচি দেখেই ‘নিরাপদে ও শান্তিপূর্ণভাবে’ কর্মসূচি করার আগ্রহের কথা জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনে থাকা দলটি।

ইউনিয়ন পর্যায়ে বিএনপির ‘পদযাত্রা’র দিন আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ ডাকাকে কেন্দ্র করে শনিবার দেশের বিভিন্ন এলাকায় সংঘাত সহিংসতার পর বিএনপির এই দাবি এল।

রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

একই সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, আগের দিন তাদের নেতা-কর্মীরা মোট ৪৩ এলাকায় ‘আক্রান্ত’ হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন পাঁচশর বেশি। গ্রেপ্তার হয়েছেন দুই শতাধিক নেতা-কর্মী।

সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করতে শনিবার দেশজুড়ে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এদিন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য রাজধানীর বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করে।

বিএনপির এ কর্মসূচির দিনে তৃণমূলের নেতাকর্মীদেরকে সক্রিয় করতে কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগও। তবে ক্ষমতাসীন দলটি একে ‘পাল্টা কর্মসূচি’ বলতে নারাজ।

সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে সহিংসতার খবর আসতে থাকে। কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মী, কোথাও পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির মঞ্চে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমাবেশ করার ঘটনাও একটি জেলায় ঘটে।

আওয়ামী লীগকে তাদের কর্মসূচি আগে ভাগে ঘোষণার দাবি জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘‘আমরা কিছুদিন ধরে খেয়াল করছি যে, আওয়ামী লীগ ‘শান্তি মিছিল’, ‘শান্তি সমাবেশ’ করছে। কখন? যেদিনে আমরা সমাবেশ করব, তখন।

“আপনারা কয়েকদিন আগে বলেছেন যে, নির্বাচনের আগ পর্যন্ত বছরব্যাপী কর্মসূচি দিয়ে যাবেন। আমি আপনাদের অনুরোধ জানাব, আপনাদের কর্মসূচিগুলো এখনই ঘোষণা দিয়ে দেন, কোন দিন কোন কর্মসূচি হবে।

“তাহলে আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচিগুলো নিরাপদ জায়গায় শান্তিপূর্ণভাবে করতে পারি। কিন্তু আমরা কর্মসূচি ঘোষণার পরে আওয়ামী লীগ যদি কর্মসূচি দেয়, বুঝে নিতে হবে তারা ইচ্ছাকৃতভাবে দেশে একটা গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে।”

আগের দিন নরসিংদীর পলাশে নির্বাচনী এলাকায় পথযাত্রা কর্মসূচিতে উপস্থিত থাকা আবদুল মঈন খানও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। পুলিশ সেখানে তাকে বাধা দিয়েছে বলে অভিযোগ তার।

এই বিএনপি নেতা বলেন, ‘‘আমি স্পষ্টভাষায় বলতে চাই, এভাবে হামলা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে এই সরকার বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশের মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেই।”   

‘আমাদের কর্মসূচির দিন তাদের কর্মসূচি দিতে হবে কেন?’

খন্দকার মোশাররফ বলেন, ‘‘আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে কিন্তু সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সন্ত্রাসকে তারা উসকে দিচ্ছে।

“তারা (আওয়ামী লীগ) একদম দেউলিয়া হয়ে গেছে। তাদের আসলে শক্তি শূন্যের কোটায়। ভয়ে ভীত হয়ে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে। এটা কোনোমতে সাধারণ মানুষ গ্রহণ করে না।”

‘নানা প্রতিবন্ধকতার’ পরেও সারাদেশে ইউনিয়ন পদযাত্রায় ব্যাপক লোক সমাগম হয়েছে মন্তব্য করে দেশবাসীকে অভিনন্দন জানান বিএনপির এই নেতা।

খন্দকার মোশাররফ বলেন, ‘‘তারা (আওয়ামী লীগ) অন্য দিন করুক। আমরা যেদিন কর্মসূচি ঘোষণা করব, সেদিনই তাদেরকে কর্মসূচি দিতে হবে কেন?

“এটার মাধ্যমেই প্র্রমাণিত হয় যে, এই সরকার ইচ্ছাকৃতভাবে তাদের অর্থনৈতিক ব্যর্থতা, গণতন্ত্রকে হত্যা, দ্রব্যমূল্যের ঊধর্বগতি, সব কিছুতে দিশেহারা হয়ে গেছে। তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই পাল্টা কর্মসূচি দিচ্ছে।”

যেসব এলাকায় হামলার অভিযোগ

লিখিত বক্তব্যে সিরাজগঞ্জ, জামালপুর, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী, পিরোজপুর, মানিকগঞ্জ, নোয়াখালী, ঝালকাঠি, গাজীপুর, চট্টগ্রাম, নেত্রকোণা, বরগুনা, বাগেরহাট, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, নাটোর, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ উত্তর, ভোলা, বরিশাল, খুলনা, লক্ষ্মীপুর, নরসিংদী, মাগুরা, যশোর, রাজশাহী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, পঞ্চগড়, কক্সবাজার, পাবনা, রংপুর, লালমনিরহাট, কুমিল্লা, নড়াইলসহ মোট ৪৩টি জেলায় হামলার ‘তথ্য’ তুলে ধরেন খন্দকার মোশাররফ।

এসব ঘটনায় পাঁচ শতাধিক নেতা-কর্মীকে পিটিয়ে আহত করার পাশাপাশি তাদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ করার অভিযোগও করেন বিএনপি নেতা।

 তার অভিযোগ, হামলার শিকার হলেও তাদের দলের দুই শরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।