১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বায়াত্তর-তেয়াত্তরের পুনরাবৃত্তি দেখছেন অলি আহমেদ

“ডলারের অভাবে বাজারে নিত্য প্রয়োজনীয় ঔষধ সময় মত পাওয়া যাচ্ছে না। সবকিছু মিলে দেশে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2024, 06:56 PM

Updated : 05 Apr 2024, 06:57 PM

দেশ স্বাধীন হওয়ার পর যে বিশৃঙ্খল দশা সৃষ্টি হয়েছিল, তারই পুনরাবৃত্তি এখন হচ্ছে বলে মনে করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ।

তার ভাষ্যে, “পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে ব্যাংক ডাকাতি সংঘটিত হয়েছে। কুকি-চিনের সদস্যরা ব্যাংকে হামলা চালিয়ে নিরাপত্তা রক্ষীদের থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ব্যাংক থেকে টাকা পয়সা লুট করে। অনেককে অপহরণও করা হয়েছে।

“দেশ কোন দিকে যাচ্ছে, দেশের অবস্থা কী? মনে হয় ১৯৭২-৭৩ সালের পুনরাবৃত্তি হচ্ছে। এর মূল কারণ হচ্ছে বর্তমান সরকার গোপন কক্ষে জাল ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত হয়েছে। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই।”

শুক্রবার এক বিবৃতিতে এ কথা সাবেক এ সেনা কর্মকর্তা।

অলি আহমেদ বলেন, “আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনা গুলিতে আগুন লেগে মানুষ সর্বস্বান্ত। হতাহতের সংখ্যা বেড়েছে। কয়েকটি শপিং মলেও আগুন লেগেছে।

“দীর্ঘ প্রায় ৪৬ বছর পর নতুনভাবে পাটের গুদামে আগুন লাগছে। দেশে পেঁয়াজ এবং আলুর রেকর্ড পরিমাণ উৎপাদন হওয়া সত্ত্বেও বিদেশ থেকে কেন আমদানি করা হচ্ছে? রিজার্ভ হ্রাস পাওয়ার কারণে দ্বিতীয় কিস্তি আইএমএফের ঋণ পাওয়া যাবে কি না- এখনো বিষয়টি পরিষ্কার নয়।”

এলডিপি চেয়ারম্যান বলেন, “জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দেনা ১.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অনেকগুলো গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে। ডলারের অভাবে বাজারে নিত্য প্রয়োজনীয় ঔষধ সময় মত পাওয়া যাচ্ছে না। সবকিছু মিলে দেশে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে।”

ক্ষমতাসীনদের উদ্দেশে অবসরপ্রাপ্ত কর্নেল অলি বলেন, “এখনো সময় আছে; দয়া করে সৎ, দক্ষ, পরীক্ষীত, দেশপ্রেমিক নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে প্রস্থান করুন, তাহলেই দেশের মঙ্গল।”