প্রধানমন্ত্রীর বিদেশ সফর জনগণের জন্য: কাদের
“এই সফরের গুরুত্ব যারা বুঝবে না তারাই কটাক্ষ করে।”
দেশের মর্যাদা বৃদ্ধি করতেই প্রধানমন্ত্রী বিদেশ সফর করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা সব সময় বাংলাদেশের মঙ্গল চান। তিনি চান না দেশ কখনও সঙ্কটে না পড়ুক।
“দেশের এদেশে মানুষের শান্তির জন্য তিনি বিদেশ সফর করছেন। তিনি দেশ বিক্রি করতে বিদেশে যাননি, গিয়েছেন দেশের উচ্চতা বাড়াতে, দেশের মর্যাদা বাড়াতে।”
যুক্তরাষ্ট্রে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্বের পঞ্চাশ বছরপূর্তি উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে আছেন। তার আগে তিনি জাপান সফর করেন। ওয়াশিংটন থেকে তিনি যাবেন যুক্তরাজ্য সফরে।
প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে কাদেরের ভাষ্য, “এই সফরের গুরুত্ব যারা বুঝবে না তারাই এই সফর নিয়ে কটাক্ষ করে। তারা হিংসার আগুনে জ্বলে।
“পদ্মাসেতুর জ্বালা, মেট্রোরেলের জ্বালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, ১০০ সেতুর জ্বালা, ১০০ সড়কের জ্বালা তাদের।”
তিনি বলেন, "বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে যারা কষ্ট পাচ্ছেন সেই সাধারণ জনগণকে বাঁচাতে বিদেশ গেছেন। ১১ লাখ রোহিঙ্গা আমাদের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল কটাক্ষ করেন… শেখ হাসিনা বাজেট সহযোগিতার জন্য জাপানে ৩০০ মিলিয়ন পেয়েছেন, বিশ্ব ব্যাংক থেকে ৫০০ মিলিয়ন ডলার পাওয়ার কথা আছে।
“আগামী দিনগুলো সুন্দর করার জন্য, বিশ্ব সঙ্কটে জীবনের চাকা সচল রাখা, সাধারণ মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ গেছেন।"
‘সিটি নির্বাচনে বিএনপির ঘোমটা পরা প্রার্থী’
সিটি নির্বাচনে স্বতন্ত্রের নামে বিএনপির নেতারা প্রার্থী হবে মন্তব্য করে কাদের, বিএনপির আন্দোলন সবাই বুঝে গেছে। তাদের আন্দোলন ভুয়া, ১০ দফা ভুয়া, যারা গণআন্দোলন করতে পারেনি, তারা গণঅভ্যুত্থান কীভাবে করবে?
“বিএনপি এখন পথিকের মতো দিশেহারা। বিএনপি ৫২ দল, ১২ দল নিয়ে ১০ দফার বিক্ষোভ, পদযাত্রা, হোঁচট খাওয়া আন্দোলন করেছে। পদযাত্রার নামে শেষযাত্রা করেছে তারা। তাদের আন্দোলন, দফা, দল সবই ভুয়া।”
বিএনপি আন্দোলনে পরাজিত হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, “বাইরে দেখাবে তাদের প্রার্থী নেই। তলে তলে থাকবে তারেক জিয়ার প্রার্থী।
“নির্বাচনে এলে দেখা যাবে কত ধানে কত চাল। সিটি নির্বাচনেও দেখবেন ঘোমটা পরা প্রার্থী।”
এ সময় বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির রাজনীতিতে পরাজিত হয়ে গেছে, আন্দোলনে বিএনপি পরাজিত। রাজনীতিতে পরাজিত হয়ে এখন দেশের অর্থনীতিকে পরাজিত করার টার্গেটে নেমেছে তারা।”
ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের আয়োজনে এই সমাবেশ হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করে কাদের বলেন, বলেন, “শ্রমিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যে যেন চিড় না ধরে। এই ঐক্যকে আরও দৃঢ় করতে হবে, মজবুত করতে হবে।”
শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আযম খসরুর সঞ্চালনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দক্ষিন সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, যুব লীগের সাধারণ সম্পাদব মাইনুল হোসেন খান নিখিল, ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সমাবেশে বক্তব্য দেন।
