২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিচের দাম বাড়িয়েছে মন্ত্রী-নেতাদের ‘সিন্ডিকেট’: রিজভী

“এহেন সিন্ডিকেশন শুধুমাত্র দুর্বৃত্তপরায়ণ অনাচারমূলক সরকার থাকলেই সম্ভব। এরা মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করে।”

মরিচের দাম বাড়িয়েছে মন্ত্রী-নেতাদের ‘সিন্ডিকেট’: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 02:56 PM

Updated : 02 Jul 2023, 02:56 PM

কাঁচামরিচের দাম বৃদ্ধির জন্য ‘সিন্ডিকেট’কে দায়ী করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এমন ‘সিন্ডিকেশন’ কেবল ‘দুর্বৃত্তপরায়ণ’ সরকার থাকলেই সম্ভব।

রোববার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা বলেন, “চারদিকে গডফাদার, মাফিয়া আর সিন্ডিকেটবাজদের জয়-জয়কার। অবৈধ সরকারের মন্ত্রী ও প্রভাবশালী দলের নেতাদের জড়িত থাকার কারণে এই সিন্ডিকেট প্রচণ্ড শক্তিশালী।

“যে কারণে ভারতে কাঁচা মরিচের কেজি ২৫ টাকা অথচ কাঁচা মরিচ আমদানির অনুমতি দিলেও সিন্ডিকেটের কারণে বাংলাদেশে তা বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি থেকে কোথাও কোথাও ১১০০-১২০০ টাকা কেজি।”

ঈদের ছুটির পরদিন খুলনায় একটি বাজারে ১ হাজার ২০০ টাকায় কেজিতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে বলেও দাবি করেন বিএনপি নেতা রিজভী।

খরা ও বৃষ্টিতে উৎপাদনে ঘাটতির বিষয়টি সামনে আসার পর গত এক সপ্তাহের বেশি সময় ধরে মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। নানা সময় বর্ষায় রান্নার এই উপকরণটির দাম বাড়ে। তবে এবারের মত এমন চিত্র এর আগে কখনও দেখা যায়নি। ঈদের আগেই কেজিপ্রতি দাম ছয়শ টাকা ছাড়িয়ে যায়। তবে ঈদ শেষে দাম কমে আসছে দ্রুত।

এভাবে লাফিয়ে দাম বাড়ার জন্য সরকারকে দায়ী করেন রিজভী। বলেন, “এহেন সিন্ডিকেশন শুধুমাত্র দূর্বৃত্তপরায়ণ অনাচারমূলক সরকার থাকলেই সম্ভব। এরা মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করে।”

‘ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা’

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভেঙে পড়ায়’ পদে পদে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা রিজভী। সড়কে মৃত্যুর জন্য আইনশঙ্খলা বাহিনীকে দায়ী করেন তিনি।

ঈদের ছুটিতে প্রায় ৩৫ জন মানুষের জীবনহানি ঘটেছে দাবি করে তিনি বলেন, “এই ঘটনা ঘটেছে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে। তারা বেপরোয়া চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।”

বিএনপি নেতা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় কাজে ব্যবহার এবং তাদের নির্বিকার ভূমিকার কারণে সশস্ত্র সন্ত্রাসীদের দাপটে গোটা জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে। আজ দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার জন্যই শুধু সাধারণ মানুষ নয়, পুলিশ সদস্যদেরও জীবন যাচ্ছে। গতকাল একজন পুলিশ সদস্যকে মেরে ফেলেছে ছিনতাইয়ের সময়।”

ক্ষমতার আশ্রয়প্রশ্রয়ে গড়ে ওঠা ‘দানবদের আক্রমণ থেকে’ কেউ রেহাই পাচ্ছে না মন্তব্য করে রিজভী বলেন, “বিশেষ করে এই সমাজে নারীদের জীবনের যেন কোনো মূল্যই নেই।

“এমনই এক দুঃসময় চলছে যখন বোনকে উত্যক্ত করার কারণে বিচার চাইতে গিয়ে তরুণ খুন হয়। পিতা-মাতা নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের কবলে পরে জীবন হারায়। প্রতিনিয়ত নিজের বোন বা কন্যা সন্তানের সম্ভ্রম বাঁচাতে গিয়ে প্রচণ্ড নাজেহালসহ জীবন দিতে হয়।”

জেলায় জেলায় ‘ক্ষমতার ছত্রছায়ায় বখাটেদের উৎপাত’ চলছে অভিযোগ করে রিজভী বলেন, “বরগুনায় নয়ন বন্ডের কথা আমরা জানি। এবারে ভোলায় শুনছি ‘০০৯’ নামে এক ভয়াল গ্যাং এর নাম। এ বিষয়ে সংবাদপত্রে যে কাহিনী ছেপেছে তা লোমহর্ষক।

“মানবাধিকার আজ বিপন্ন। আইনশৃঙ্খলা বাহিনীকে শুধু বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করা, সহিংস আক্রমণ চালানো, বিরোধী দলের নেতাকর্মী ও স্বাধীন মতপ্রকাশ কারীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার কাজে ব্যবহার করা হয়েছে বলেই আজ সমাজে নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে।”

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনাও তুলে ধরেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েলও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।