গ্রেপ্তার দেখানো হয়নি, তবু সাত মামলায় ফখরুলের জামিন আবেদন
২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় মামলা হয়েছে একাধিক। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপি মহাসচিবকে।
সাত মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম আলমগীরের জামিন চেয়ে আবেদন জমা পড়েছে আদালতে, যদিও এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদনগুলো করা হয় বলে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছেন।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন কাকরাইল ও বিজয়নগর এলাকায় সহিংসতার মামলায় মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে তুলে আনা হয় তার পরদিন।
সহিংসতার মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় বিএনপি মহাসচিবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলার পর একাধিক তারিখে তার জামিন আবেদন নাকচ হয়েছে।
সেই দিনের সংঘাতের ঘটনায় মামলা অবশ্য হয়েছে একাধিক এবং সেসব মামলাতেও ফখরুলকে গ্রেপ্তার দেখানো হতে পারে- এমন আশঙ্কা থেকেই জামিন আবেদন করে রাখার কথা জানিয়েছেন তার আইনজীবী।
