২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সোমবার সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে, জানাল বিএনপি

নয়া পল্টনে সমাবেশের পরিকল্পনা থেকে সরে এসেছে দলটি।

সোমবার সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে, জানাল বিএনপি

ঢাকার নয়া পল্টনে শুক্রবার বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করেছিল দলটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 12:39 AM

Updated : 31 Jul 2023, 12:40 AM

অবস্থান কর্মসূচিতে বাধা এবং মামলা-হামলার প্রতিবাদে সোমবার সমাবেশের যে কর্মসূচি বিএনপি দিয়েছে, ঢাকায় তা হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

রোববার রাতে বিএনপির দপ্তর থেকে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সারাদেশে মহানগর ও জেলা সদরে যে জনসমাবেশের ঘোষণা দেওয়া হয়, তার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সোমবার বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে।

ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সন্ধ্যায় জানান হয়েছিল, সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল ৩টায় সমাবেশ হবে।

স্থান পরিবর্তনের বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আমরা নয়া পল্টনে জনসমাবেশটি করতে চেয়েছিলাম। পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে তা সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত হয়েছে।”

নির্দলীয় সরকারের দাবি তুলে সরকার পতনের এক দফা আন্দোলনে নামা বিএনপি শুক্রবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করেছিল। সেদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সমাবেশ করেছিল বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে।

পুরানো খবর:

সোমবার মহানগর ও জেলায় বিএনপির জনসমাবেশ: মির্জা ফখরুল

সেই সমাবেশ থেকে পরদিন ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি দেয় বিএনপি। তবে পুলিশ ও আওয়ামী লীগের বাধায় কোথাও দাঁড়াতে পারেনি।

সেই কর্মসূচি ঘিরে সংঘাত-সহিংসতাও হয়। তারপর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নয়টি মামলা হয়, প্রায় দেড়শজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পুরানো খবর:

অবস্থান কর্মসূচিতে সংঘাত: বিএনপির ১২২ জন কারাগারে, রিমান্ডে ২৫

শনিবারের কর্মসূচিতে ‘নিপীড়ন-নির্যাতনের’ প্রতিবাদে সোমবার দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ ডাকে বিএনপি।

ক্ষমতাসীনদের সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি এড়াতে রোববারের পরিবর্তে সোমবার সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ফখরুল।

এদিকে বিএনপির ‘অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে রোববার দেশজুড়ে বিক্ষোভের পর সোমবার ঢাকা মহানগর উত্তর ওয়ার্ডে-ওয়ার্ডে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে।

বিএনপির সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পড়ছে। তবে বিএনপির কর্মসূচিতে কেন্দ্র করে কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি না থাকলেও সোমবার সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘সতর্ক পাহারায় থাকবে’ বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

পুরানো খবর:

সোমবার ঢাকা উত্তর আওয়ামী লীগেরও কর্মসূচি থাকছে