৪ বছর পর ছাত্রদলের ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ছাত্রদলের কমিটি গঠনে বয়সের শর্তে আপত্তি তুলে হট্টগোল করে বহিষ্কৃত হয়েছিলেন তারা।
চার বছর আগে ছাত্রদলের কমিটি গঠনে বয়সসীমা তুলে দেওয়ার দাবি তুলে হট্টগোলের পর বহিষ্কৃত হয়েছিলেন যে ১২ জন, সংসদ নির্বাচন ঘনিয়ে আসার মধ্যে তাদের আবার ফিরিয়ে নিল বিএনপিতে।
সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ১২ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানান হয়।
তারা হলেন- ছাত্রদলের সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, জয়দেব জয়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, সাবেক সহ সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, আব্দুল মালেক, সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারী আজিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী।
২০১৯ সালের ৩ জুন ঈদের আগের দিন রাতে ছাত্রদলের কমিটি ভেঙে দেয় বিএনপি। সেই সঙ্গে বলা হয়, ২০০০ সালের পর থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরাই ছাত্রদলের নতুন কমিটিতে স্থান পাবে।
এতে বিক্ষুব্ধ একদল ছাত্রদল নেতা ১০ জুন নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে নিচে সংবাদ সম্মেলন করে। বিএনপি নেতা রিজভী একটি মিছিলে যোগ দিতে কার্যালয় থেকে বেরিয়ে এলে তাকে অপদস্তও করেন তারা।
এরপর ২০১৯ সালের ২২ জুন তাদের বহিষ্কারের সিদ্ধান্ত দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সহযোগী সংগঠনের বিষয় নানা সিদ্ধান্ত বরাবরই বিএনপির কাছ থেকে আসে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তও এল সেভাবেই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীর স্বাক্ষরে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য এসব নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হল।
