জামিনে মুক্তি পেলেন বিএনপির হাবিব
রোববার দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে হাবিব মুক্তি পান বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান।
পাঁচ মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব।
রোববার দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে হাবিব মুক্তি পান বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান।
হাবিবের এক আইনজীবী জানান, সবগুলো মামলায় উচ্চ আদালতে জামিন পাওয়ায় হাবিবের মুক্তি মিলেছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে হাবিবকে ফুল দিয়ে বরণ করেন দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন।
সেখানে থেকে হাবিব নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। সে সময় তাকে ফুলে মালা পরিয়ে দিয়ে শুভেচ্ছা জানান রিজভী।
গত বছরের অক্টোবর মাসে নাশকতার এক মামলায় হাবিবকে চার বছরের সাজা দেয় আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়া হাই কোর্টের একজন বিচারককে নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্য দেওয়ায় তাকে তলব করেছিল আদালত। ওই বক্তব্য প্রত্যাহার না করায় তাকে পাঁচ মাসের সাজা দেওয়া হয়।
পরে ২০ নভেম্বর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে হাবিবকে গ্রেপ্তার করে র্যাব।
হাবিব পাবনা বিএনপির আহ্বায়ক। ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনের সময়ে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন।
পুরনো খবর
