২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদেরকে ‘গুজববাজ’ বললেন রিজভী

হরতাল সফল করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি সবাইকে আবারও আহ্বান জানান বিএনপির এই নেতা।

ওবায়দুল কাদেরকে ‘গুজববাজ’ বললেন রিজভী

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2023, 09:19 PM

Updated : 16 Dec 2023, 09:27 PM

বিএনপি নয়, বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও আওয়ামী লীগই অস্ত্রের মহড়া দিচ্ছে অভিযোগ করে রুহুল কবির রিজভীর দাবি ওবায়দুল কাদের ‘অপপ্রচার মহাবিদ্যালয়ের’ অধ্যক্ষ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরকে ‘মিথ্যা কথা বলার শাহেন শাহ’ হিসেবে অভিহিত করে শুক্রবার নিয়মিত বিফ্রিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘‘উদ্ভট এবং অসংলগ্ন অপপ্রচারের যদি কোনো মহাবিদ্যালয় করা যায় তাহলে তার প্রিন্সিপাল করা যেতে পারে ওবায়দুল কাদের সাহেবকে।”

‘বিএনপি নির্বাচন বানচালে অস্ত্রের মহড়া দিচ্ছে,’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে রিজভী এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘ওবায়দুল কাদের সাহেব হচ্ছেন একজন গুজববাজ এবং মিথ্যা কথা বলার শাহেন শাহ। উনার মতো পারঙ্গম আর কেউ নেই।”

তার অভিযোগ, ‘‘ছাত্রলীগের নামই হয়েছে বন্দুক-চাপাতি লীগ। প্রায়শই পত্রিকার পাতায় আওয়ামী বন্দুক লীগের সশস্ত্র মহড়া-অস্ত্রবাজির সচিত্র খবর বেরুচ্ছে। নান্দাইলে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে আওয়ামী লীগের নেতারা বিএনপির অবরোধ কর্মসূচি বানচাল করার দৃশ্য সংবাদপত্রে ছাপা হয়েছে।

“আর ওবায়দুল কাদের বলছেন, বিএনপি না কি নির্বাচনকে বানচাল করার জন্য অস্ত্রের মহড়া দিতে প্রস্তুতি নিচ্ছে। এ যেন চোরের মায়ের বড় গলা।”

রিজভী বলেন, ‘‘কী হাস্যকর আজগুবি বয়ান। আসলে তারা দলদাস পুলিশকে দিয়ে পরিকল্পনার মতো বিএনপির নেতাকর্মীদের দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে নিজেদের তৈরি করা নাশকতার মাত্রা বাড়াতে চায়। জঙ্গি অভিযানে অস্ত্র উদ্ধার নাটক সাজিয়ে বিদেশিদের চোখে ধুলো দিতে চায়।

“ওবায়দুল কাদেরদের গোয়েন্দারা এত কিছু জানে ১১ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের খবর উদ্ধার করতে পারে না। এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১০১ বার পিছিয়েছে। কারা বাংলাদেশ ব্যাংক থেকে রাষ্ট্রের ৮ কোটি ১০ লাখ ডলার লোপাট করল তা জানতে পারেনি। এই আওয়ামী গোয়েন্দাদের কাজ হল আষাঢ়ে গল্প বানানো।”

তার দাবি, ‘‘দেশের মানুষ জানে ছাত্রলীগ-যুবলীগ, আওয়ামী লীগের নেতারা প্রতিটি এলাকায় অস্ত্রের ডিপো বানিয়েছে। তারা মানুষ খুন করছে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহাড়া দিচ্ছে, লাশ ফেলছে, তুলে নিয়ে গিয়ে গুলি করছে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, লাশ ফেলছে, আন্দোলনকারীদের ওপর গুলি ছুঁড়ছে। গার্মেন্টস শ্রমিকদের রুটি রুজির সংগ্রাম রুখতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হুমকি দিচ্ছে।”

এ ‘হাস্যকর ভুয়া নির্বাচন’ ভোটাররা বানচাল করবে দাবি করে তিনি বলেন, “বিএনপিসহ বিরোধী দলগুলো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। দেশকে বাকশাল থেকে গণতন্ত্রে ফেরানোর জন্য। আমাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিএনপি সন্ত্রাস সহিংসতা নাশকতার বিরুদ্ধে। যুগ যুগ ধরে প্রমাণিত হয়েছে সন্ত্রাস সহিংসতা নাশকতার একচেটিয়া কৃতিত্ব বা পেটেন্ট আওয়ামী লীগের।”

‘সমাবেশে নিষেধাজ্ঞা কোন আইনে’

বিএনপির এই নেতা বলেন, ‘‘আগামী সোমবারের পর ইসির নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রশ্ন এই সরকারের দলদাস আইনশৃঙ্খলা বাহিনী এবং ভুয়া নির্বাচন কমিশন যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কোন ক্ষমতাবলে- কোন আইনে, সংবিধানের কোন ধারাবলে দিয়েছে?”

রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র সম্পূর্ণরূপে অনৈতিক, অবৈধ ও সংবিধান পরিপন্থি বলে দাবি করেন তিনি। তার মতে, এটা জনগণের মৌলিক অধিকারের চূড়ান্ত লঙ্ঘন। তিনি এটি প্রত্যাহারের অনুরোধ করেন।

গত ২৪ ঘন্টায় আরও ৬০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার এবং ২৮৫ জনের বেশি নেতাকর্মীকে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।