২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোমরা তোমাদের নির্বাচন সামলাও: যুক্তরাষ্ট্রকে মেনন

১৪ দলের নেতারা বললেন, সংবিধান অনুসারেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে।

তোমরা তোমাদের নির্বাচন সামলাও: যুক্তরাষ্ট্রকে মেনন

ঢাকার শাহবাগে ১৪ দলের সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 10:28 PM

Updated : 02 Aug 2023, 10:28 PM

বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা না ঘামিয়ে যুক্তরাষ্ট্রকে নিজের দেশ নিয়ে মাথা ঘামানোর পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিযুক্ত হওয়ার পরদিনই এই পরামর্শ দিলেন বাংলাদেশের এই বাম নেতা।

পুরনো খবর:

ভোটের ফল পাল্টানোর ষড়যন্ত্রে অভিযুক্ত ট্রাম্প

তিনি বলেন, “গতকাল বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইসিতে গিয়ে জবাবদিহি চেয়েছেন- কিছু দলকে নিবন্ধন কেন দেওয়া হয়নি, ইসির ক্ষমতা কমে গেছে কি না, এসব বিষয়ে।

“আমি বলতে চাই, যুক্তরাষ্ট্র থাম। তোমরা তোমাদের নির্বাচন সামলাও। আমরা আমাদের নির্বাচন সামলাব।”

বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে বুধবার ঢাকার শাহবাগে ১৪ দলীয় জোটের সমাবেশে একথা বলেন মেনন।

বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার মধ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর তৎপরতাও বেড়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাবেক মন্ত্রী মেনন বলেন, “বিএনপি জনগণের উপর নির্ভর করে নয়, জনগণকে জিম্মি করে ক্ষমতায় যেতে চায়। তারা নির্ভর করছে তাদের প্রভু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উপর।”

বিএনপির নির্বাচনকালীন সরকারের দাবি প্রত্যাখ্যান করে সমাবেশে ১৪ দলের নেতারা বলেন, সংবিধান অনুসারেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে। অর্থাৎ নির্বাচনের সময় শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন।

১৪ দলীয় জোটের সমন্বয়ক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, “গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে বিভিন্ন ধুয়া তুলে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। আমরা চাই, এ দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। কোনো ধরনের অসাংবিধানিক ধারা চলবে না।”

Image

ঢাকার শাহবাগে ১৪ দলের সমাবেশে জোটের সমন্বয়ক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু

“ছাত্র, যুবক, জনতাসহ সবাই ঐক্যবদ্ধ থেকে যেমন বিগত নির্বাচনগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করেছে, একইভাবে আগামী দিনেও সবাই ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে,” বলেন তিনি।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, গণ আজাদী লীগের সভাপতি এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, জাতীয় পার্টি জেপির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সমাবেশে বক্তব্য রাখেন। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের সঞ্চালনা করেন।