অর্থ পাচারকারী, ছাত্রলীগ পরিচয়ের ‘দুর্বৃত্তরা’ সাবধান: কাদের
“যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধেও খেলা হবে,” বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
বাংলাদেশ থেকে যারা অর্থ পাচারে জড়িত, তাদেরকে সাবধান করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের বিষয়ে খুবই কঠোর; কেউ ছাড় পাবে না।
শুক্রবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ তিনি এ কথা বলেন।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনাসহ ১০ দফা দাবিতে মহানগর পর্যায়ে বিএনপির ‘পদযাত্রা’ কর্মসূচির দিন এই সমাবেশ করলেন কাদের। এর আগেও বিএনপির কর্মসূচির দিন এই নামে সমাবেশ করেছে ক্ষমতাসীন দলটি।
ওবায়দুল কাদেরের বক্তব্যের বড় অংশ জুড়েই উঠে আসে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে উঠা নানা অভিযোগের প্রসঙ্গ। তিনি কোনো অভিযোগের পক্ষে আত্মপক্ষ সমর্থন না করে আইনের কঠোর প্রয়োগ চেয়েছেন। স্মরণ করিয়ে দিয়েছেন, দলের সঙ্গে জড়িত থাকলেও অপরাধের বিচার হয়েছে।
বাংলাদেশ থেকে অর্থপাচার নিয়ে ক্রমাগত যে অভিযোগগুলো আসছে, এই প্রসঙ্গও উঠে আসে তার বক্তব্যে। কাদের বলেন, “অর্থ পাচারকারীরা সাবধান। শেখ হাসিনা কঠোর হচ্ছেন। কাউকে ছাড় দেওয়া হবে না।
“যারা অন্যায় করবেন, দলের পরিচয় ব্যবহার করে অপরাধ করবেন, তাদের ছাড় নেই। আমি আবার তাদের সতর্ক করছি। আমরা এত উন্নয়ন করছি। গুটিকয়েক অপকর্ম করে সেটা ম্লান করবে, সেটা আমরা হতে দেব না।”
অপকর্মে জড়িতদের নিয়ে দলের নেতা-কর্মীদেরও সতর্ক করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত থাকুন। এ অপকর্মকারীদের দলে স্থান দেবেন না। এদেরকে এনে মিছিল বড় করার দরকার নাই।
“গতকাল সন্ধ্যায় এ মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এত অল্প সময়ে বঙ্গবন্ধু এভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এর দ্বারা এটাই… প্রস্তুত আছে, ডাক দিলেই রাজপথে নামবে।”
ছাত্রলীগের পরিচয়ে ‘দুর্বৃত্তদের’ বিরুদ্ধে ব্যবস্থা দাবি
ছাত্রলীগের অনেকে অপকর্ম করছে মন্তব্য করে তাদেরকেও আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে তাগিদ দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছি, এদের দল থেকে বহিষ্কার করলে হবে না, এদেরকে আইনের আওতায় আনুন। এই গুটিকয়েক দুর্বৃত্তের জন্য আওয়ামী লীগের বদনাম হতে পারে না। যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধেও খেলা হবে।
“ছাত্রলীগের নামে যারা অপকর্ম করছে, ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে যেসব অপকর্ম হচ্ছে, এগুলো দুর্বৃত্তের কাজ। এই দুর্বৃত্তরা দলের নাম ব্যবহার করে। এদের আওয়ামী লীগের কোনো সংগঠনে থাকার অধিকার নেই।“
ছাত্রলীগের এক সময়ের সভাপতি কাদের বলেন, “অপকর্মকারীদের শেখ হাসিনা ছাড় দেন না। প্রমাণ আছে না? বিশ্বজিৎ হত্যাকারীরা ছাত্রলীগ পরিচয়ে রক্ষা পেয়েছে? বুয়েটের আবরার হত্যার সঙ্গে যারা জড়িত ছাত্রলীগ পরিচয়ে তারা ছাড় পেয়েছে? এদের কি বিচার হয়নি?”
‘তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান’
বিলোপ করে দেওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরবে না বলে বিএনপিকে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নেতা কাদের।
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার স্লোগান এনে লাভ নাই। একেবারেই ভুলে যান। ওই অস্বাভাবিক সরকার অসাংবিধানিক সরকার বাংলাদেশের আসবে না ইনশাআল্লাহ।
“লাফালাফি, বাড়াবাড়ি যতই করেন, জনগনের কাছে এখনও ডাক দিয়ে সাড়া ফেলতে পারেন নাই। সংবিধান থেকে একপা চুলো নড়ব না আমরা। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, কোনো নড়নচড়ন হবে না।”
সরকার কেন পদত্যাগ করবে, সেই প্রশ্ন তুলে কাদের বলেন, “মামা বাড়ির আবদার! কোন দোষে সরকার পদত্যাগ করবে। কী কারণে নির্বাচনের আগে সরকার পদত্যাগ করবে? কারণটা কী? হাওয়া ভবনের যুবরাজ তারেককে ক্ষমতায় বসানোর জন্য? ওই খাম্বা সরদার ক্ষমতায় বসবে?
“বাংলাদেশের মানুষ এই খাম্বা সরদার, অর্থ প্রচারকারীকে এ দেশের ক্ষমতার মঞ্চে আর বসতে দেবে না। ভুলে যান ক্ষমতার ময়ূর সিংহাসন।
কত দুর্নীতি করেছেন ভুলে গেছেন?”
আওয়ামী লীগের কর্মসূচি ‘পাল্টাপাল্টি নয়’
বিএনপির কর্মসূচির দিন বারবার ক্ষমতাসীন দল রাজপথে নামায় বিরোধী দলটি যে সমালোচনা করছে, তারও জবাব দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “কোনো পাল্টাপাল্টি নয়। প্রতিদিনই প্রোগ্রাম হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় হবে। কখনও সম্মেলন হবে। কখনও গণসংযোগ হবে, কখনও শান্তির সমাবেশ হবে, কখনও সদস্য সংগ্রহ অভিযান চলবে। আওয়ামী লীগ এ কর্মসূচি নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে। জনগণের ঘরে ঘরে যাবে।”
‘কাউকে নামতে দেব না’- এই ধরনের কথা না বলার পরামর্শ দিয়ে বিএনপির উদ্দেশে তিনি বলেন, “সবাই নামবে। রাজপথ সবার৷ রাস্তা সবার, কিন্তু রাস্তায় নামবে ১৩/১৪ সালের মত ৫০০ মানুষ পুড়িয়ে মারবেন, অগ্নি সন্ত্রাস করতে রাস্তায় নামবেন, সরকারি অফিস পোড়াবেন, রিকশা ড্রাইভার, বাস ড্রাইভার পুড়িয়ে মারবেন, তা হতে দেওয়া হবে না।
“আপনারা বলছেন পাহারাদার, আমরা পাহারাদার। আমরা ক্ষমতায় আছি, জনগণের জানমাল রক্ষায় আমরা পাহারাদার। জনস্বার্থে আমরা পাহারাদার। সিরাজগঞ্জে ১৮টা সাইকেল পুড়িয়ে দিয়েছে, কখন এরা আবার আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নামে, এটার জন্য আমাদের রাস্তায় থাকতে হবে। আপনি আগুন নিয়ে আসবেন, পুড়িয়ে দেবেন, আমরা দাড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখব? এই আগুন সন্ত্রাসীদের আমরা ক্ষমতায় যেতে দিতে পারি?
“আজকের এই শান্তি সমাবেশে আমরা আবারও একটা কথা পরিষ্কারভাবে জানাতে চাই, আমরা ক্ষমতায় আছি, নির্বাচনের আগে যতক্ষণ জনগণ আমাদের ক্ষমতায় রাখবে। ততদিন আমরা ক্ষমতায় থাকব, ইনশাআল্লাহ।"
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
