২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাতানো নির্বাচনে কেবল সরকারপন্থিরা: নজরুল

“বিএনপি এই খেলায় কখনো অংশ নেয় না,” বলেন তিনি।

পাতানো নির্বাচনে কেবল সরকারপন্থিরা: নজরুল

নজরুল ইসলাম খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 10:38 PM

Updated : 17 Dec 2023, 10:38 PM

সরকারপন্থিরা ছাড়া কোনো রাজনৈতিক দল ‘সরকারের পাতানো নির্বাচনে’ নেই বলে মন্তব্য করেছেন ভোট বর্জন করা দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “খেলা চলছে, নির্বাচনী খেলা। আমরা কাছে অবাক লাগে যে, এই শীতের দিনে মিছামিছি এসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রামে গ্রামে পাঠানো হচ্ছে ভোটের জন্য… কী করবে তারা?”

“আরে ভোট হবে কার কার মধ্যে। সরকারপন্থি ছাড়া আর কোনো রাজনৈতিক দল এই নির্বাচন অংশ নিচ্ছে না, একটাও না। হয় সরকারি দল, না হয় তাদের ১৪ দলীয় জোট, না হয় মহাজোট, আর না হয় তাদের তৈরি করা কয়েকটা রাজনৈতিক দল।” 

নজরুল ইসলাম খান বলেন, “এসব না কইরা খুবই ভালো হতো যদি চারজন প্রার্থী থাকত, চারটা নৌকা, একটাতে সই আছে, সবই তো নৌকা। হয়ে যাবে।” 

“আসলে কারা কারা জিতবে নির্বাচনে, এটা তো আগামীকালই (সোমবার) জানা যাবে, জানা যাবে কোন সিটে কে এই মিছামিছি… এই গরিব দেশে যেখানে না খেয়ে থাকে, যেখানে কর্মহীনের সংখ্যা এত, যেখানে ভূমিহীনের সংখ্যা এত, যেখানে মানুষ কষ্ট করছে, সেখানে প্রায় দুই হাজার কোটি টাকা কেন মিছামিছি খরচ করছেন? কেনো খরচ করছেন?” 

বিএনপি ‘এরকম খেলায় যায় না’ মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, “এই যে খেলা, একজন মন্ত্রী নাকি বিএনপিকে বলেছেন, ‘আপনারা যোগ দেন আর আমরা জেলাখানা থেকে সবাইকে ছেড়ে দিই’। আরে ভাই, এটা বললে হবে? বিএনপি এই খেলায় কখনো অংশ নেয় না।

“আমরা কখনো দাবিও করি নাই যে আপনারা পদত্যাগ করেন আমরা ক্ষমতায় বসব। নো। আমরা বলেছি, আপনারা পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন, অবাধ সুষ্ঠু নির্বাচন, সবাই অংশগ্রহণ করুক, জনগন যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে।” 

তিনি বলেন, “আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, আগামী দিনে আমরা একই কথা বলব। আপসের কোনো জায়গা নেই গণতন্ত্র ও দেশ শাসনের প্রশ্নে। জনগণ যেটা সমর্থন করবে, সেটা আমরা করব। সেই গণতন্ত্র না হওয়া পর্যন্ত এই লড়াই চলছে এবং চলবে ইনশাল্লাহ।” 

বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ‘শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভা হয়। 

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক আব্দুল কুদ্দুস, রুহুল আমিন গাজী, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অ্যাডভোকেট ফজলুর রহমান, আবদুল হাই শিকদার, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুতফুর রহমান, অধ্যাপক কামরুল আহসান, রিয়াজুল ইসলাম রিজু, রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ আবদাল আহমেদ, মোসলেহ উদ্দিন বক্তব্য দেন।