ঈদে খালেদার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন নেতারা
এবার দলের চেয়ারপারসন ভাই-বোনদের নিয়ে ঈদ করবেন।
কোরবানির ঈদের দিনে দুই কর্মসূচির কথা ঘোষণা করেছে বিএনপি।
সকাল সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন স্থায়ী কমিটির সদস্যরা। আর রাত সাড়ে ৮টায় তারা গুলশানে ‘ফিরোজা’য় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রতিবছরের মতো এবারও ঈদে এই দুই কর্মসূচি রয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবসময় ঈদের দিন সকালে দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করতেন। ২০১৮ সালে তিনি সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর দলের স্থায়ী কমিটির সদস্যরা সেই ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন।
এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে ঈদ উদযাপন করছেন। এছাড়া অসুস্থ হয়ে উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে আছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও রয়েছেন বিদেশে।
খালেদার ঈদ ভাই-বোনদের নিয়ে
বিএনপির নেতারা জানিয়েছেন, এবার বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দারকে নিয়ে ঈদ করছেন খালেদা জিয়া।
১৩ জুন অসুস্থ হয়ে ৫ দিন এভারকেয়ার হাসপাতালে ছিলেন তিনি। এখন গুলশানের বাসা ‘ফিরোজা‘য় আছেন তিনি।
রোজার ঈদে লন্ডন থেকে এসেছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার মেয়ে।
