গণজাগরণ হলে বিদেশিরা এগিয়ে আসবে না: ফখরুল
মির্জা ফখরুল বলেন, “আমাদের লক্ষ্য একটাই- এই সরকারের পতন। কারণ সরকার পতনের মধ্য দিয়ে একটা নতুন দিগন্তের সূচনা হবে “
বিদেশিদের ওপর নির্ভর করে বর্তমান সরকার টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার নয়া পল্টনে পথযাত্রাপূর্ব সমাবেশে তিনি সরকারের উদ্দেশে তিনি বলেন, “আজকে জনগণ জেগে উঠেছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি, দেশের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করবেন না।”
ফিখরুল বলেন, “আমরা জানি, এই দেশের সরকার বিদেশের ওপর নির্ভরশীল হয়ে টিকে আছে। কোনো বিদেশি এগিয়ে আসবে না যখন জনগণের সেই উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে।”
অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “আমরা এই মিছিল (পদযাত্রা) থেকে আবারও এই বার্তা দিতে চাই, এখনো সময় আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, যেসমস্ত মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদেরকে সাজা দিয়েছে, তাদের সকলকে মুক্তি দিতে হবে।
বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ডাক্তাররা বার বার বলেছে, তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। এই সরকার তাদের কথায় কোনো কর্ণপাত করছে না। এজন্য করছে না তারা জানে যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেরোলে তাদের মসনদ, তাদের সিংহাসন ঠিক থাকবে না।”
বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই, মিথ্যা মামলায় বাড়ি বাড়ি হানা দিয়ে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা যাবে না। আমি আবার বলছি এই গ্রেপ্তার বন্ধ করেন, বাড়িতে হানা দেয়া বন্ধ করেন।”
মির্জা ফখরুল বলেন, “আমাদের লক্ষ্য একটাই- এই সরকারের পতন। কারণ সরকার পতনের মধ্য দিয়ে একটা নতুন দিগন্তের সূচনা হবে। নির্বাচন একটা ভালোভাবে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবে।”
সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “আনন্দবাজার পত্রিকায় এসেছে.. তারা বলছেন, আজকে মোদী সরকার বলছেন যে, হাসিনাকে যদি ক্ষমতায় থাকতে দেয়া না হয় তাহলে এই উপমহাদেশের বিশাল ক্ষতি হয়ে যাবে।
“আমরা বলতে চাই, এই সমস্ত বিদেশি প্রভুদের চড়াও কথাবার্তায় আপনাদের কোনো কাজ হবে না। এদেশের মানুষ জেগেছে, এদেশের মানুষ রাজপথে নেমেছে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সরকারকে বলব, আমরা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ করতে করতে এই পর্যন্ত আসছি। আমরা দেশে অশান্তি চাই না। আমরা শান্তিপূর্ণ পথে হাসিনার পদত্যাগ চাই, আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র ফেরত চাই, আমরা শান্তিপূর্ণভাবে নির্দলীয় নিরপেক্ষে সরকার চাই, আমরা শান্তিপূর্ণভাবে এই সংসদ বিলুপ্ত চাই।”
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বক্তব্য রাখেন।
সমাবেশের পর হাজার হাজার নেতাকর্মীদের পদযাত্রা নয়া পল্টন থেকে শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে মোড়ে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় বিএনপির আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, আতাউর রহমান ঢালী, আব্দুল কুদ্দুস, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আসাদুজ্জামান রিপন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, মীর সরাফত আলী সপু, নাসির উদ্দিন অসীম, নাজিম উদ্দিন আলম, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী, আশরাফ উদ্দিন বকুল, রাকিবুল ইসলাম বকুলসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।
