২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র ‘পুনরুদ্ধার’না হলে ভবিষ্যৎ কী, কেউ বলতে পারে না: মোশাররফ

“গণঅভ্যুত্থানেই এই সরকারের পতন ঘটাতে হবে। গণআন্দোলন ছাড়া বিকল্প আর কিছু নেই।”

গণতন্ত্র ‘পুনরুদ্ধার’না হলে ভবিষ্যৎ কী, কেউ বলতে পারে না: মোশাররফ

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2023, 05:54 PM

Updated : 06 May 2023, 05:54 PM

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে দেশে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ গণআন্দোলনকে একমাত্র উপায় মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, “শেখ হাসিনাকে সরকার থেকে হটিয়ে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির এখন একমাত্র পথ এদেশে গণআন্দোলন সৃষ্টি করা। গণঅভ্যুত্থানেই এই সরকারের পতন ঘটাতে হবে। গণআন্দোলন ছাড়া বিকল্প আর কিছু নেই।”

শনিবার ‍জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে সরকারের সমালোচনা করে একথা বলেন মোশাররফ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুরোপুরি মুক্তির দাবিতে ওই মানববন্ধন হয়।

মোশারফ বলেন, “সকলের দাবি আগামী নির্বাচন হতে হবে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে। অতীতের নির্বাচনগুলো প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্দলীয় অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবে না।”

খালেদা জিয়ার মুক্তি এবং গণঅভ্যুত্থান সৃষ্টি করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি।

সরকারকে সর্তক করে দিয়ে মোশররফ বলেন, “আমরা এক যুগসন্ধিক্ষণে আছি। যদি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হয়, তাহলে ভবিষ্যত কী হবে, সেটা কেউ বলতে পারে না।

“আজকে আপনারা দেখছেন দেশে-বিদেশে একই কথা হচ্ছে- এই সরকার স্বৈরাচার, ভোটে আসেনি। সকল গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বলছে যে, অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই। গায়ের জোরে সরকারে বসে আছে তারা।”

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় মানববন্ধনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের শাহ মো. আবু জাফর, আব্বাস উদ্দিন, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়াসহ আরও অনেকে বক্তব্য রাখেন।