১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ

দিনাজপুর অভিমুখে রোড মার্চে ‘হামলা ও বাধার’ প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 02:50 PM

Updated : 11 Jun 2023, 03:29 PM

বিদ্যুতের ঘন ঘন লোড শেডিংয়ের প্রতিবাদ এবং এই সংকট সমাধানের দাবিতে বিদ্যুৎ মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। 

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “আগামী ১৯ জুন বেলা ১১টায় আমরা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করব। এছাড়া রোড মার্চে হামলা ও বাধার প্রতিবাদে আমরা সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করব।” 

রোববার ঢাকার পুরান পল্টনের মেহরাব প্লাজায় ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ এর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুই দিনের এই কর্মসূচির ঘোষণা করেন সাইফুল হক।

সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনসহ ১৪ দাবিতে বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করে আসছে গণতন্ত্র মঞ্চ। এর মধ্যে মাসের শুরুর দিকে ঢাকার বাইরে দিনাজপুর অভিমুখে রোড মার্চ শুরু করে। 

ওই রোড মার্চে ‘হামলা ও বাধা’ দেওয়ার অভিযোগ তুলে সাইফুল হক বলেন, সরকার এখন ‘গণআতঙ্কে’ ভুগছে। 

“ওইসব হামলার ঘটনা প্রমাণ করে, সরকার ক্ষমতা হারানোর ভয়ে শান্তিপূর্ণ সমাবেশ-মিছিলেও তারা বেসামাল হয়ে পড়েছে। এখনও তারা যে দমন করেই গদি টিকিয়ে রাখতে চায় তাও স্পষ্ট। এই কাজে প্রশাসনকে যে তারা দলীয় প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করতে তৎপর, সেটি আমাদের গত ৪ জুন থেকে ৭ জুনের রোড মার্চের ঘটনাবলী আরেকবার প্রমাণ করেছে।” 

দিনাজপুরের পথে রোডমার্চে তারা জনগণের ‘অকুণ্ঠ সমর্থন, সহযোগিতা ও ভালোবাসা’ পেয়েছেন বলেও দাবি করেন সাইফুল হক। 

তিনি বলেন, “সরকার, পুলিশ প্রশাসন ও সরকারি দলের এতসব বাধা, হামলা, আক্রমণ, উস্কানি ও ত্রাস সৃষ্টির পরেও রোড মার্চের পথে পথে প্রচণ্ড গরম উপেক্ষা করে সমাবেশগুলোতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে।” 

আওয়ামী লীগ সরকারকে ‘দুর্নীতিবাজ, গণবিরোধী এবং ভোটাধিকার হরণকারী’ আখ্যা দিয়ে সাইফুল হক বলেছেন, “গায়ের জোরে ক্ষমতায় আঁকড়ে থাকা এই সরকারের কবল থেকে দেশের মানুষ মুক্তি চায়। তারা সত্যিকারের একটি পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে।” 

অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, সাকিব আনোয়ার, শাহনাজ রানু, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, কাজী মো. নজরুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাচ্চু ভুঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, মাহবুব জামান কাদেরী, জেএসডির কামাল উদ্দিন পাটোয়ারি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বহ্ণি শিখা জামালী ও আকবর খান উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। 

পুরনো খবর

পুরানো খবর:

রোড মার্চে দিনাজপুর অভিমুখে গণতন্ত্র মঞ্চ