২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে দেশে ‘গণতন্ত্র ফেরানোর’ প্রত্যয় বিএনপির

“আজকে আমরা শপথ নিয়েছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্যে,” বলেন মির্জা ফখরুল।

স্বাধীনতা দিবসে দেশে ‘গণতন্ত্র ফেরানোর’ প্রত্যয় বিএনপির

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 12:36 PM

Updated : 26 Mar 2023, 12:36 PM

স্বাধীনতা দিবসে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ‘গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফেরানোর’ প্রত্যয় জানিয়েছেন বিএনপি নেতারা।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে রোববার সকালে দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এই শপথ নেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আজকে দুর্ভাগ্য, ৫২ বছর আগে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই আশা-আকাঙ্ক্ষা যা ছিল, আমাদের মানুষের যে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা; সেই গণতন্ত্র আজকে সম্পূর্ণভাবে নির্বাসিত হয়েছে এবং গণতন্ত্রের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে।

“আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, লেখার অধিকার নেই। এক কথায় গণতান্ত্রিক কোনো অধিকার নেই। আজকে সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা হয়েছে।”

দেশে ‘গণতন্ত্র ফেরানোর শপথ নেওয়ার’ কথা জানিয়ে ফখরুল বলেন, “আজকে আমরা শপথ নিয়েছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্যে, খালেদা জিয়া ও আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবার জন্যে।

“একই সঙ্গে ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে যে ‘মিথ্যা মামলা’ রয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার, সর্বোপরি এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নতুন নির্বাচনের ব্যবস্থা ও নতুন নির্বাচন কমিশন গঠন করাসহ ১০ দফা দাবি ও ২৭ দফা রাষ্ট্র সংস্কারের আন্দোলন করে পরিবর্তন আনব।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানের নেতৃত্বে নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর মূলবেদীর সামনে কিছুক্ষণ নিবর দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ঢাকা জেলা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিএনপির এই কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

পরে সাংবাদিককের বিএনপি মহাসচিব বলেন, “আজকে নির্বাচনে সমস্ত ব্যবস্থাকে ধবংস করে দিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার একটা হীন চক্রান্ত নিয়ে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চলেছে।

“এই অবস্থা থেকে উত্তরণে আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, বাংলাদেশের মানুষ আজকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য, তাদের অধিকারকে ফিরে পাবার জন্য, তাদের ভোটের অধিকারকে ফিরে পাবার জন্য এবং শান্তিতে বসবাস করবার জন্য আজকে তারা আন্দোলন শুরু করেছে সারা দেশে।”

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তুলে তিনি বলেন, “আপনারা সবাই সবাই লক্ষ্য করছেন যে, দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে, তেল-গ্যাস-বিদ্যুতের দাম এত বৃদ্ধি হয়েছে, এই অবস্থার প্রেক্ষিতে এই সরকার শুধুমাত্র নিজেদের দুর্নীতিকে বহাল রাখার জন্যে নজিরবিহীন দুর্নীতি করছে, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা গুম-খুন অন্যায়-অত্যাচারের মধ্য দিয়ে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।

“দুর্ভাগ্য আমাদের আজকে ৫১ বছর পরেও গণতন্ত্রের জন্য মানুষকে প্রাণ দিতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। আমাদের কথা বলার অধিকার, ভোটের অধিকার আজকে হারিয়ে গেছে, সাংবাদিকদের সত্য কথা লেখার অধিকার হারিয়ে গেছে। দেশে প্রকৃতপক্ষে একটি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে।”

সাভার থেকে সকাল ১০টায় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানকে নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে যান। দলের প্রতিষ্ঠাতার কবরে তারা পুষ্পমাল্য অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শ্যামা ওবায়েদ, মীর নেওয়াজ আলী, শামীমুর রহমান শামীম, নাজিম উদ্দিন আলম, তাইফুল ইসলাম টিপু, মহিলা দলের আফরোজা আব্বাস, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, উলামা দলের শাহ নেছারুল হক, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান এবং সম্মিলিবত পেশাজীবী পরিষদের কাদের গণি চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।