গণহত্যার সঠিক ইতিহাস জানলে ‘বিএনপি-জামাতকেও’ ঘৃণা করবে মানুষ: আমু
মুক্তিযুদ্ধের গৌরব, গণহত্যার মত জঘন্যতম ঘটনাকে ধামা চাপা দিয়ে এ দেশকে নব্য পাকিস্তানে রূপান্তরিত করেছিল জিয়াউর রহমান বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধে গণহত্যার সঠিক ইতিহাস তুলে ধরা গেলে রাজাকার-আলবদরদের মানুষ যেভাবে ঘৃণা করে ‘বিএনপি-জামাতকেও’ তাই করবে বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমু।
শনিবার ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগের উদ্যোগে ‘কালরাত্রি স্মরণ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পচাত্তর পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস ও গৌরব, ২৫ মার্চের গণহত্যা, নারি ধর্ষণের মত জঘন্যতম ঘটনাকে ধামা চাপা দিয়ে এই দেশটাকে ‘নব্য পাকিস্তানে’ রূপান্তরিত করেছিল বলেও মন্তব্য করেন তিনি।
আমু বলেন, "বঙ্গবন্ধুর নেতৃত্বে সারা জাতি যখন ঐক্যবদ্ধ তখন বাঙালি জাতিকেই পাকিস্তানি শাসকরা শত্রু হিসেবে চিহ্নিত করেছিল। তাই বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার লক্ষ্যেই ১৯৭১ সালের ২৫ মার্চ ইতিহাসের কলঙ্কময় গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হায়নারা।“
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়, সেই প্রশ্ন রেখে তিনি বলেন, “তিনি (শেখ হাসিনা) তো কারও ব্যক্তিগত সম্পত্তি নিয়ে টানাটানি করেন না। শুধুমাত্র রাজনৈতিক কারণেই তার প্রাণনাশের চেষ্টা, যে কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। একাত্তরের পরাজিত শত্রুরাই বারবার হত্যা চেষ্টা করছে। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এ ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে।"
আলোচনা সভায় লেখক-অধ্যাপক মুনতাসির মামুন বলেন, "আজকে আমি যুবলীগের প্রোগ্রামে আসার অন্যতম কারণ সেটা হল সংবাদপত্রে গত এক থেকে দুই বছর যুবলীগের নামে কোন নেতিবাচক সংবাদ দেখি নাই। সংগঠনের জন্য ইতিবাচক সংবাদ সবসময় আনন্দদায়ক।
"পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে গণহত্যা হয়েছে। কিন্তু সময়ের পরিসরে যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশের গণহত্যার চেয়ে বড় গণহত্যা আর কখনও হয়নি; আর কখনও হওয়ার সম্ভাবনা নেই। আমি কখনও ভাবি নাই যে, এই বাংলাদেশে মানুষ দুবেলা খেতে পাচ্ছে, দুটো পোশাক গায়ে দিচ্ছে আর এক জোড়া স্যান্ডেল পায়ে দিচ্ছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। এটার ভিত্তি তৈরি করেছিলেন বঙ্গবন্ধু। তার দেখানো পাথেই আজকের বাংলাদেশ।"
সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ২৫ মার্চের গণহত্যাকের ইতিহাসের জঘন্যতম ভয়াবহ ঘটনা উল্লেখ করে বলেন, "আর ওই দিনের হত্যাকাণ্ডের সমর্থন ও সহযোগিতা করেছিল আমাদের দেশেরই রাজাকারদের দল। নিজের পরিবার, প্রতিবেশী অথবা নিজ দেশের নাগরিকের উপর পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাযজ্ঞ সহযোগিতা করে মানুষ হিসেবে ওরা সমগ্র মানুষ জাতিকে কলঙ্কিত করেছে, ছোট করেছে।"
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
