২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১ বছর ভাত মুখে না তোলা ‘বিএনপিভক্ত’ নিজাম ঢাকার হাসপাতালে ভর্তি

প্রায় ১১ বছর তিনি শুধু রুটি-কলা খেয়ে আসছিলেন।

১১ বছর ভাত মুখে না তোলা ‘বিএনপিভক্ত’ নিজাম ঢাকার হাসপাতালে ভর্তি
বিএনপির একটি প্রতিনিধি দল বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিজাম উদ্দিন মণ্ডলকে দেখতে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার ঘোষণা দেওয়া আলোচিত নিজাম উদ্দিন মণ্ডলকে (৭০) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। 

তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিসিন বিশেষজ্ঞ সোহেল মাহমুদ আরাফাতের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। 

এর আগে বুধবার দুপুরে তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ নিজাম উদ্দিনকে দেখতে যান। সেখানে ডাক্তারদের সাথে আলাপ করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

বিএনপিনেতা রফিকুল ইসলাম বলেছেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে আরও ভালো চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আনা হয়েছে।

“আমরা সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলি, তাদের কাছে আমরা জানতে পারি তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত । তার এমন কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার, যা ঢাকায় এই হাসপাতালে রয়েছে। সেজন্য তাকে দ্রুত ঢাকায় আনা হয়েছে।”

নিজাম উদ্দিনের চিকিৎসার খরচ বিএনপি বহন করবে বলেও জানান তিনি।

নিজাম উদ্দিনের ছেলে শাহাবুল বলেছেন, বেলা সাড়ে ৩টার দিকে তার বাবাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

২০১৪ সালের ৩০ মে ঝিনাইদহের মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাঙালী ভোজের আয়োজন করেন নিজাম। অনুষ্ঠানটি আওয়ামী লীগের হামলায় পণ্ড হয়ে যায়। হামলাকারীরা রান্না করা খিচুড়ি নষ্ট করে ফেলে দেয়। এরপরই নিজাম প্রতিজ্ঞা করেন বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এরপর থেকে প্রায় ১১ বছর তিনি শুধু রুটি-কলা খেয়ে আসছিলেন।

নিজাম উদ্দিন মণ্ডলের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।