২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক হিসাব নম্বর ও সংশোধিত গঠনতন্ত্র ইসিতে জমা দিয়েছে জামায়াত

চিঠিতে বলা হয়, ২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার পর থেকে কোনো ব্যাংক হিসাব পরিচালনা করতে পারেনি জামায়াত। ‘প্রতিকূল অবস্থাই’ ব্যাংক হিসাব দিতে না পারার কারণ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 06:23 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

ছয় বছর আগে সংশোধিত গঠনতন্ত্র এবং ব্যাংক হিসাবের নম্বর নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ইসির নির্বাচন সহায়তা শাখায় জমা দেওয়া হয়।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধনের নিয়ম চালু হলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ ৩৯টি দলকে নিবন্ধন দিয়েছিল তৎকালীন ইসি।

তখন অনেক দলকে সংবিধান, আইন, বিধি মেনে তাদের গঠনতন্ত্র সংশোধন করতে হয়েছে। জামায়াতকেও কয়েক দফা চিঠি দেওয়া হয়েছিল। এরইমধ্যে দশম সংসদ নির্বাচনের আগে দলটির নিবন্ধন বাতিল হয়ে যায়।

২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার আগে সর্বশেষ আয়-ব্যয়ের হিসাব দিয়েছিল জামায়াতে ইসলামী। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছর তারা নিবন্ধন ফিরে পায়।

এরপর আইনি বাধ্যবাধকতা অনুযায়ী এক যুগ পর ৩১ জুলাই ফের আয় ব্যয়ের হিসাব দেয় দলটি। কিন্তু সেখানে ব্যাংক হিসাব নম্বর না থাকায় প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেয় ইসি সচিবালয়।

এর ধারাবাহিকতায় বুধবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জসিম উদ্দিন সরকার দুটি বিষয়ে দলের হালনাগাদ তথ্য সম্বলিত চিঠি ইসিতে জমা দেন ।

কাউন্সিল করে গঠনতন্ত্র সংশোধন এবং ইসলামী বাংকে দলের হিসাব পরিচালনার বিষয়টি চিঠিতে তুলে ধরেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। 

চিঠিতে বলা হয়, ২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার পর থেকে কোনো ব্যাংক হিসাব পরিচালনা করতে পারেনি জামায়াত। ‘প্রতিকূল অবস্থাই’ ব্যাংক হিসাব দিতে না পারার কারণ।

একই সঙ্গে জানানো হয়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর জামায়াতের গঠনতন্ত্রের ২২তম সংশোধনী ‘যথাযথ প্রক্রিয়ায়’ কেন্দ্রীয় কাউন্সিলে অনুমোদিত হয়েছে। এটাই সবশেষ সংশোধনী, যা গত ২৫ জুলাই জমা দেওয়া হয়েছে।

এখন ইসি তাগাদা দেওয়ায় বুধবার আরেকটি কপিও জমা দেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে। 

ইসির অতিরিক্তি সচিব কেএম আলী নেওয়াজ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়েছে।”

তবে গঠনতন্ত্রে কী ধরনের সংশোধনী আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি এ কর্মকর্তা।

অডিট রিপোর্ট: জামায়াতের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ইসির কাছে

ব্যাংক হিসাব নেই কেন, যে যুক্তি শোনাল জামায়াত

গঠনতন্ত্র ঠিক করতে জামায়াতকে এক মাস সময়

জামায়াতকে তৃতীয় দফা চিঠি দিচ্ছে ইসি

জামায়াতের গঠনতন্ত্র এখনো অসঙ্গত: ইসি

অভ্যুত্থানের বছরে আয়-ব্যয়ে সবাইকে ছাড়িয়ে জামায়াত