২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঠনতন্ত্র ঠিক করতে জামায়াতকে এক মাস সময়

নিবন্ধনের পর চার বছরেও গঠনতন্ত্র সংশোধন না করায় জামায়াতে ইসলামীকে আগামী এক মাসের মধ্যে তা শেষ করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধনের পর চার বছরেও গঠনতন্ত্র সংশোধন না করায় জামায়াতে ইসলামীকে আগামী এক মাসের মধ্যে তা শেষ করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার দলটির সেক্রেটারি জেনারেল বরাবর পাঠানো এক চিঠিতে ইসির পক্ষ থেকে তাগিদ দেয়া হয়। এ নিয়ে চতুর্থ দফা জামায়াতকে তাগিদ দিল কমিশন। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে দলীয় গঠনতন্ত্রের ছয়টি উপধারা ও একটি বিশেষ নোট সংশোধন করে ‘সংশোধিত গঠনতন্ত্র’ জমা দিতে হবে। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সাংঘর্ষিক এসব ধারা সংশোধনে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলের ক্ষমতা রয়েছে ইসির। চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ২ ধারা ৫ উপ ধারা, ৫ ধারা ৩ উপ ধারা, ৬ ধারার ৪ উপধারা, ৭ ধারার ১-৪ উপধারা, ১১ ধারার ২ উপ ধারা ও ১৮ ধারার ৪ (চ) উপধারা সংশোধনের জন্য তিন দফা তাগিদ দিলেও দলটি এ বিষয়ে কোনো জবাব পাঠায়নি। জামায়াতের গঠনতন্ত্রের ৬৪ পৃষ্টার বিশেষ নোটের দফা ৩-এ সংশোধনী আনারও তাগিদ দিয়েছে ইসি। ইসি কর্মকর্তারা জানান, ইসির কাছে বর্তমানে নিবন্ধিত ৩৮টি দলের মধ্যে জামায়াতসহ আটটি দলকে গঠনতন্ত্রের ছোটোখাটো ত্রুটি সংশোধনের জন্য বলা হচ্ছে। এর মধ্যে জামায়াতের গঠনতন্ত্রের অসঙ্গতি সবচেয়ে বেশি। ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম, বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় পার্টির গঠনতন্ত্রেও ত্রুটি রয়েছে বলে ইসি কর্মকর্তারা জানান। এ দলগুলোকেও এক মাসের সময় বেঁধে দিচ্ছে ইসি। কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসি গঠনের পর দলগুলোর গঠনতন্ত্র পর্যালোচনা করে এ তাগিদপত্র দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৬১০ ঘ.