Published : 07 Oct 2025, 07:13 PM
বিগত আওয়ামী লীগ সরকারের গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের’ অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সেইসঙ্গে তার স্ত্রী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেওয়া হয়েছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মঙ্গলবার মামলা অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের জানান।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে সাবেক সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী ‘জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ২ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।
এছাড়া তার নামে খোলা ছয়টি ব্যাংকের আটটি হিসাবে মোট ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৫৩ টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
অন্যদিকে তার স্ত্রী ফাহিমা খাতুন ‘জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন বলে দুদক অভিযোগ পেয়েছে।
সে কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ মে দুদকের আবেদনে উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার স্ত্রী ফাহিমা খাতুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।
গত বছরের ৩১ সেপ্টেম্বর রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ উবায়দুল মোকতাদিরকে গ্রেপ্তার করে। ৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
তিনি গ্রেপ্তার হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতা-কর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনতা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে।