Published : 18 Jul 2023, 04:20 PM
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে শুরু হয়েছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। এই সমাবেশের পর ‘উন্নয়ন শোভাযাত্রা’ করবে ক্ষমতাসীন দলটি।
মঙ্গলবার বিকাল পৌনে চারটায় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে শান্তি সমাবেশ শুরু হয়।
সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানিয়েছেন, শান্তি সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন।
সভার শুরুতে মন্নাফি বলেন, “সবাই সতর্ক থাকবেন। বিএনপি নানাভাবে উস্কানি দিচ্ছে। উস্কানিতে পা দেয়া যাবে না।”
দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, “বিএনপির কারণে ওয়ান-ইলেভেন সৃষ্টি হয়েছিল। আজ আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে নির্বাচন বানচাল করার জন্য।
“দুর্নীতিবাজ তারেক রহমানের নির্দেশে (বিএনপি) অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তাদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। সবাই সতর্ক থাকবেন।”
এর আগে দুপুর দুইটার পর থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মূল দল ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে।
দুপুর দুইটার দিকে কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে একটি মিছিল আসে সমাবেশ স্থলে। মিছিল নিয়ে আসেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলও মিছিল নিয়ে আসেন মৎস্যভবন এলাকায়।
শোভাযাত্রা সফল করতে নেতাকর্মীরা বাদ্যবাজনা ও ঘোড়ার গাড়ি নিয়ে জড়ো হয়েছেন রমনা এলাকায়।
বেলা ৩টায় সমাবেশমঞ্চ থেকে মহানগরের নেতারা সমাবেশ পরবর্তি উন্নয়ন শোভাযাত্রার যাত্রাপথের পরিকল্পনা ঘোষণা করেন।
দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি সমাবেশের সমাপ্তি ঘোষণার পর প্রধান অতিথি শোভাযাত্রার উদ্বোধন করবেন।
সরকার পতনের ‘এক দফা’ ঘোষণার পর বিএনপি মঙ্গল ও বুধবার পদযাত্রা কর্মসূচি দিলে আওয়ামী লীগও সারাদেশে এই দুইদিন ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।
সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শান্তি সমাবেশের পর শোভযাত্রা করে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যাবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
এই শোভাযাত্রার যাত্রাপথ হবে- ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন–শাহবাগ–কাঁটাবন–সায়েন্সল্যাব–কলাবাগান–ধানমন্ডি ৩২।
আর বুধবার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে হবে শান্তি সমাবেশ। তারপর সেখান থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করবে ঢাকা উত্তর আওয়ামী লীগ।
এর যাত্রাপথ হচ্ছে- সাতরাস্তা-তিব্বত–নাবিস্কো–মহাখালী বাস টার্মিনাল।
ঢাকা জেলা আওয়ামী লীগ মহানগরের বাইরে দুই দিনই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে।