Published : 18 Jul 2023, 04:01 PM
আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রায় যোগ দিতে হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনের রাস্তায়।
মঙ্গলবার দুপুর দুইটার পর থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মূল দল ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
দুপুর দুইটার দিকে কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে একটি মিছিল আসে সমাবেশ স্থলে।
আর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে আসেন।
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নেতৃত্বে একটি মিছিল আসে মৎস্যভবন এলাকায়।
শোভাযাত্রা সফল করতে নেতাকর্মীরা বাদ্যবাজনা ও ঘোড়ার গাড়ি নিয়ে জড়ো হয়েছেন রমনা এলাকায়।
বেলা ৩টায় সমাবেশমঞ্চ থেকে মহানগরের নেতারা সমাবেশ পরবর্তি উন্নয়ন শোভাযাত্রার যাত্রাপথের পরিকল্পনা ঘোষণা করেন।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, শান্তি সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন।
এরপর সভাপতি আবু আহমেদ মন্নাফি সমাবেশের সমাপ্তি ঘোষণার পর প্রধান অতিথি শোভাযাত্রার উদ্বোধন করবেন।
সরকার পতনের ‘এক দফা’ ঘোষণার পর বিএনপি মঙ্গল ও বুধবার পদযাত্রা কর্মসূচি দিলে আওয়ামী লীগও সারাদেশে একই সময়ে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।
সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শান্তি সমাবেশের পর শোভযাত্রা করে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যাবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
এই শোভাযাত্রার যাত্রাপথ হবে- ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন–শাহবাগ–কাঁটাবন–সায়েন্সল্যাব–কলাবাগান–ধানমন্ডি ৩২।
আর বুধবার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে হবে শান্তি সমাবেশ। তারপর সেখান থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করবে ঢাকা উত্তর আওয়ামী লীগ।
এর যাত্রাপথ হচ্ছে- সাতরাস্তা-তিব্বত–নাবিস্কো–মহাখালী বাস টার্মিনাল।
ঢাকা জেলা আওয়ামী লীগ মহানগরের বাইরে দুই দিনই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে।