Published : 22 Jun 2026, 09:01 AM
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ বৈঠক হয় বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘পরদানা পুত্রা’য় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
একান্ত বৈঠকের পরে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হবে; যাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন।
বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুইদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আসবেন দুই প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।
মধ্যাহ্ন ভোজে মালয়েশিয়ার শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করবেন।